সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কোনো নির্দিষ্ট শ্রেণি বা গোষ্ঠীর দল নয়। ধর্ম-বর্ণ ও শ্রেণিপেশার ভেদাভেদ ভুলে দেশের সব মানুষকে সঙ্গে নিয়েই দলটি এগিয়ে যেতে চায়। ১৮ বছর বা তার বেশি বয়সী যেকোনো নাগরিক বিএনপির সদস্য হতে পারবেন।
বুধবার (২৬ আগস্ট) সকালে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার বোয়ালদাড় স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। প্রতিটি পাড়া-মহল্লা ও গ্রামে দলের সাংগঠনিক কার্যক্রম বাড়ানোর পাশাপাশি নতুন সদস্য সংগ্রহে গুরুত্ব দিতে হবে। কোনো এলাকায় আগে থেকে বিপুলসংখ্যক কর্মী থাকলেও সেখানে নতুনদের সম্পৃক্ত করে সংগঠনকে আরও বিস্তৃত করতে হবে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করতে হলে কথার চেয়ে কাজের মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে তাদের সমস্যার সমাধানে সহযোগিতা করাই রাজনৈতিক কর্মীদের অন্যতম দায়িত্ব।
অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেন, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। বিশেষ করে অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করতে নেতাকর্মীদের উদ্যোগী হতে হবে। নিজের এলাকার পাশাপাশি আশপাশের পরিবারের অসুস্থ ব্যক্তিদের খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
শিক্ষার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি হলো শিক্ষা। শুধু নিজের সন্তানদের পড়াশোনার বিষয়ে খোঁজ নিলেই হবে না, প্রতিবেশী পরিবারের ছেলে-মেয়েরা নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছে কি না, তাদের পড়াশোনায় কোনো সমস্যা হচ্ছে কি না—সেদিকেও নজর দিতে হবে।
তিনি আরও বলেন, ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান তিনি।
মতামত দিন