• ২০২৬ অগাস্ট ২৭, বৃহস্পতিবার, ১৪৩৩ ভাদ্র ১১
  • সর্বশেষ আপডেট : ১১:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

টাকার অভাবে চিকিৎসাবঞ্চিত হবে না কোনো নাগরিক: মন্ত্রী জাহিদ

  • প্রকাশিত ১২:০৮ পূর্বাহ্ন বৃহস্পতিবার, অগাস্ট ২৭, ২০২৬
টাকার অভাবে চিকিৎসাবঞ্চিত হবে না কোনো নাগরিক: মন্ত্রী জাহিদ
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

দেশের কোনো নাগরিক অর্থের অভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

বুধবার দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত বিশেষ কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকার বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। বিশেষ করে চিকিৎসা ও শিক্ষার ক্ষেত্রে আর্থিক সংকট যেন মানুষের অগ্রগতির পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, দরিদ্র পরিবারের যেসব শিশু অর্থের অভাবে বিদ্যালয়ে যেতে পারছে না কিংবা পড়াশোনা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে, তাদের তালিকা তৈরি করতে হবে। পরে সরকারি সহায়তায় এসব শিশুর পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে।

কর্মী সম্মেলনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে জাহিদ হোসেন বলেন, তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছে বলেও উল্লেখ করেন তিনি।

দলমত নির্বিশেষে মানুষের অধিকার রক্ষায় কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সমাজকল্যাণমন্ত্রী। সম্মেলনে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ