শিয়ালের মাংস বিক্রির অভিযোগে আটক, কাটা মাথা রেখেছিলেন প্রমাণ হিসেবে
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় প্রকাশ্যে শিয়াল জবাই করে মাংস বিক্রির অভিযোগে মো. ইব্রাহিম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মাংস বিক্রির সময় শিয়ালের কাটা মাথা পাশে রাখার ঘটনাটি স্থানীয়দের নজরে আসে। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে আটক করা হয়।
ঘটনাটি ঘটেছে উপজেলার চর মার্টিন ইউনিয়নের মুন্সিগঞ্জ বাজার এলাকায়। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ বিষয়টি জানতে পারে। পরে ইব্রাহিমকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হয়। আদালত তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মুন্সিগঞ্জ বাজারের কাছাকাছি একটি জালে শিয়ালটি আটকা পড়ে। পরে ইব্রাহিম সেটিকে জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি নেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় কয়েকজন তাকে ধাওয়া করেন। খবর পেয়ে কমলনগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, বন্য প্রাণী হত্যার পর এর মাংস বিক্রির চেষ্টা করার অভিযোগে ইব্রাহিমকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, জরিমানার অর্থ পরিশোধের সামর্থ্য ইব্রাহিমের না থাকায় মুন্সিগঞ্জ বাজার কমিটির সদস্যরা নিজেদের মধ্যে টাকা তুলে সেই অর্থ পরিশোধ করেন।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান বলেন, বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী লাইসেন্স বা বৈধ পারমিট ছাড়া কোনো বন্য প্রাণী, এর মাংস বা দেহাংশ নিজের দখলে রাখা, কেনাবেচা কিংবা বাণিজ্যিকভাবে ব্যবহার করা আইনত নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
মতামত দিন