• ২০২৬ অগাস্ট ২৭, বৃহস্পতিবার, ১৪৩৩ ভাদ্র ১২
  • সর্বশেষ আপডেট : ১০:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকারে পরিবর্তন, বাতিল হতে পারে দুই লাখ ভিসা

  • প্রকাশিত ১১:০৮ পূর্বাহ্ন বৃহস্পতিবার, অগাস্ট ২৭, ২০২৬
বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকারে পরিবর্তন, বাতিল হতে পারে দুই লাখ ভিসা
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকারে পরিবর্তন, বাতিল হতে পারে দুই লাখ ভিসা


বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে। নতুন একটি বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচির সঙ্গে সমন্বয় করেই এই পরিবর্তন করা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। একই সময়ে যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি নাগরিকদের মধ্যে প্রায় দুই লাখের ভিসা বাতিলের পরিকল্পনার কথাও জানিয়েছে হোয়াইট হাউস।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে কনস্যুলার কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে আগে নির্ধারিত কিছু ভিসা সাক্ষাৎকারের সময় পরিবর্তন করা হচ্ছে। যেসব আবেদনকারীর সাক্ষাৎকারের তারিখ ইতোমধ্যে নির্ধারিত ছিল, তাদের অনেককেই ই-মেইলের মাধ্যমে সময়সূচি পরিবর্তনের বিষয়টি জানানো হয়েছে। নতুন তারিখ পরে জানানো হবে বলে ওই বার্তায় উল্লেখ করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, প্রশিক্ষণের মূল লক্ষ্য কনস্যুলার কর্মকর্তাদের দক্ষতা বাড়ানো এবং ভিসা আবেদনকারীদের আরও বিস্তৃতভাবে মূল্যায়ন করা। বিশেষ করে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর কোনো আবেদনকারী সরকারি সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন কি না, সেটিও যাচাইয়ের আওতায় থাকবে।

এদিকে, যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি নাগরিকদের ভিসা বাতিলের বিষয়েও প্রশাসন নতুন করে কঠোর পদক্ষেপ নিচ্ছে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ভ্রমণ বা ব্যবসার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে পরে দীর্ঘমেয়াদি অবস্থানের জন্য আশ্রয়ের আবেদন করেছেন—এমন ব্যক্তিদের শনাক্ত করে তাদের ভিসা বাতিলের পরিকল্পনা করছে মার্কিন প্রশাসন।

এ কার্যক্রমে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি যৌথভাবে কাজ করছে। প্রশাসনের অভিযোগ, যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য এক ধরনের ভিসা নিয়ে পরে আশ্রয়ের আবেদন করার প্রবণতা ভিসা ব্যবস্থার অপব্যবহার।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেছেন, আশ্রয়ের উদ্দেশ্যে ভিসা ব্যবহার করা প্রতারণার শামিল হতে পারে এবং এ ধরনের ক্ষেত্রে ভিসা বাতিল করা সম্ভব।

হোয়াইট হাউসের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দাবি করা হয়েছে, প্রায় দুই লাখ ভিসা এই কার্যক্রমের আওতায় আসতে পারে। তবে এই সংখ্যার বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। পিগট জানিয়েছেন, ভিসা বাতিলের সংখ্যা পরিবর্তনশীল এবং প্রক্রিয়াটি ধারাবাহিকভাবে চলবে।

ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে এরই মধ্যে প্রায় ১ লাখ ৭৫ হাজার ভিসা বাতিল করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ থেকে শুরু করে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড বা বক্তব্যের কারণেও কিছু ভিসা বাতিল করা হয়েছে।

নতুন এই পদক্ষেপের ফলে বিশ্বজুড়ে মার্কিন ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার প্রক্রিয়া ও যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি নাগরিকদের ভিসা অবস্থার ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ