• ২০২৬ সেপ্টেম্বর ০২, বুধবার, ১৪৩৩ ভাদ্র ১৮
  • সর্বশেষ আপডেট : ০৪:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

শার্শায় দুই শিশুর মরদেহ উদ্ধার, বাবার লাশ উঠানে

  • প্রকাশিত ০৪:০৯ অপরাহ্ন বুধবার, সেপ্টেম্বর ০২, ২০২৬
শার্শায় দুই শিশুর মরদেহ উদ্ধার, বাবার লাশ উঠানে
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

শার্শায় দুই শিশুর মরদেহ উদ্ধার, বাবার লাশ উঠানে


যশোরের শার্শা উপজেলায় একই বাড়ি থেকে দুই শিশুসন্তান ও তাদের বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, দুই সন্তানকে হত্যার পর তাদের বাবা কামাল হোসেন (৪৫) আত্মহত্যা করেছেন। তবে ঘটনাটির প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে কামাল হোসেন ও তাঁর দুই সন্তান সাবির (৫) এবং আড়াই বছর বয়সী জাবিরের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কামাল হোসেনের একাধিক স্ত্রী ছিলেন। তাঁদের ঘরে মোট সাত সন্তান রয়েছে। আগের দুই স্ত্রীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে। সর্বশেষ স্ত্রীও পারিবারিক বিরোধের জেরে প্রায় এক সপ্তাহ আগে দুই সন্তানকে রেখে নড়াইলে বাবার বাড়িতে চলে যান। এরপর সাবির ও জাবির বাবার কাছেই ছিল।

মঙ্গলবার বিকেলে বাড়িতে শিশু দুটিকে পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে শিশু দুটির মরদেহ এবং বাড়ির উঠান থেকে কামাল হোসেনের মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে, শিশু দুটিকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর কামাল হোসেন নিজেও আত্মহত্যা করে থাকতে পারেন। তবে এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা—এ বিষয়ে নিশ্চিত হতে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুই শিশুকে গলায় ফাঁস দেওয়ার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্ত ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

পুলিশ মরদেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

সর্বশেষ