কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশংসনীয় উদ্যোগ, স্বস্তিতে হাজারো মানুষ
ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং মহাসড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে সড়কের দুই পাশের ঝোপঝাড় পরিষ্কারের উদ্যোগ নিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)। কুমিল্লা সিটি কর্পোরেশনের পদুয়ার বাজার বিশ্বরোড থেকে সুয়াগাজী পর্যন্ত মহাসড়কের দুই পাশের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কারের কাজ চলছে। কুমিল্লা সিটি কর্পোরেশনের এ কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী, পরিবহন মালিক-শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা।
তাদের দাবি, দীর্ঘদিন ধরে মহাসড়কের বিভিন্ন স্থানে সড়কের দুই পাশে ঝোপঝাড় গজিয়ে ওঠায় অপরাধীদের লুকিয়ে থাকা এবং সুযোগ বুঝে প্রায় ছিনতাই বা ডাকাতির ঘটনা ঘটতো। বিশেষ করে রাতের বেলায় মহাসড়কের পাশে ঘন ঝোপঝাড় থাকায় পথচারী ও যাত্রীরা নিরাপত্তাহীনতায় চলাচল করতে হতো। অনেক স্থানে ঝোপঝাড়ের কারণে সড়কের আশপাশের দৃশ্যমানতাও কমে গিয়েছিল। ফলে দুর্ঘটনার ঝুঁকি নিয়েই চলাচল করতে হতো পরিবহন চালকদের।
কুমিল্লা সিটি কর্পোরেশন কর্তৃক দুই পাশের ঝোপঝাড় পরিষ্কারের কাজ শুরু হওয়ায় মহাসড়কটি এখন আগের চেয়ে খোলামেলা ও দৃশ্যমান হচ্ছে। এতে যানবাহন চলাচল নিরাপদ হওয়ার পাশাপাশি অপরাধীদের গোপনে অবস্থান নেওয়ার সুযোগও কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মহাসড়কে চলাচলকারী কয়েকজন যাত্রী বলেন, গুরুত্বপূর্ণ এ মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ও অসংখ্য যানবাহন চলাচল করে। তাই সড়কের দুই পাশ পরিচ্ছন্ন ও খোলামেলা রাখা অত্যন্ত জরুরি। কুমিল্লা সিটি কর্পোরেশনের এ কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখার দাবি জানান তারা।
স্থানীয় বাসিন্দারাও কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর এ উদ্যোগের প্রশংসা করে বলেন, ঝোপঝাড় পরিষ্কারের ফলে একদিকে যেমন পরিবেশ পরিচ্ছন্ন হচ্ছে, অন্যদিকে মহাসড়কে অপরাধ নিয়ন্ত্রণেও এটি কার্যকর ভূমিকা রাখবে। কুমিল্লা সিটি কর্পোরেশনের চলমান এ কার্যক্রম মহাসড়ককে আরও নিরাপদ ও পরিচ্ছন্ন রাখতে ভূমিকা রাখবে বলে আশা করছেন যাত্রী সাধারণ ও স্থানীয় লোকজন।
পরিবহন মালিক ও চালকরা জানান, মহাসড়কের দুই পাশ পরিষ্কার হওয়ায় দূর থেকে রাস্তার অবস্থা স্পষ্ট দেখা যাচ্ছে। এতে যানবাহন চালাতে সুবিধা হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকিও কমবে বলে আশা করছেন তারা।
মহাসড়কের দুই পাশের ঝোপঝাড় পরিষ্কার কার্যক্রমের দায়িত্বে থাকা কুমিল্লা সিটি কর্পোরেশনের কর নির্ধারণ কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু স্যার এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন স্যারের নির্দেশে মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড থেকে সুয়াগাজী পর্যন্ত উভয় পার্শ্বের ঝোপঝাড় এবং আগাছা পরিষ্কার কার্যক্রম চলছে। বিগত সময়ে এই ঝোপঝাড় হতে রাতের আঁধারে গাড়ির চাকায় রড বা লোহা মেরে ডাকাতি ও ছিনতাই হতো। ঝোপঝাড় পরিষ্কার করার ফলে বর্তমানে অপরাধ কমে আসছে।
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন জানান, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ মহাসড়কের দুই পাশের ঝোপঝাড় পরিষ্কার করা হচ্ছে । এছাড়াও কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রতিটি এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে কাজ করছে কুসিক।
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক। মহাসড়কের দু’পাশে গড়ে ওঠা ঝোপঝাড় অনেক সময় অপরাধীদের জন্য আড়াল তৈরি করে এবং যাত্রী ও পথচারীদের নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টি করে। এসব বিষয় বিবেচনায় নিয়ে ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং মহাসড়ককে আরও নিরাপদ ও পরিচ্ছন্ন রাখতে পদুয়ার বাজার বিশ্বরোড থেকে সুয়াগাজী পর্যন্ত সড়কের দু’পাশের ঝোপঝাড় পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
আমি বিশ্বাস করি, একটি পরিচ্ছন্ন, খোলামেলা ও আলোকিত পরিবেশ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জননিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা সিটি কর্পোরেশন এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে।
মতামত দিন