• ২০২৬ সেপ্টেম্বর ০৫, শনিবার, ১৪৩৩ ভাদ্র ২১
  • সর্বশেষ আপডেট : ০১:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ হারানো ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়িতে

  • প্রকাশিত ০১:০৯ অপরাহ্ন শনিবার, সেপ্টেম্বর ০৫, ২০২৬
প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ হারানো ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়িতে
Time Bangla news
স্টাফ রিপোর্টার আব্দুর রহিম

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ হারানো ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়িতে


মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন ফিরোজা বেগম (৭৯)। তবে আর ফেরা হয়নি তাঁর। প্রতিমন্ত্রীকে বহনকারী সরকারি গাড়ির সঙ্গে ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজারসংলগ্ন গোপীনাথপুর এলাকায় মোকামতলা–জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়ির সঙ্গে ধাক্কায় আহত হন ফিরোজা। দুর্ঘটনার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধানখেতে নেমে যায়।

আহত ফিরোজাকে উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তাঁর স্বামী নিজামুদ্দীন সরকার মৃত। তিনি দুই ছেলে ও পাঁচ মেয়ের জননী। স্বামীর মৃত্যুর পর পুত্রবধূদের সঙ্গে বসবাস করতেন তিনি।

ফিরোজার পুত্রবধূ রেশমা বেগম বলেন, ‘মেয়ের বাড়িত বেড়াবার যাওয়ার কথা কয়া হামার শাশুড়ি বিয়ানবেলা বাড়িত থ্যাকে বের হলেন। মেয়ের বাড়িত যাওয়া হলো না, ফিরলেন লাশ হয়্যা।’

স্বজন জাকির হাসান বলেন, বড় মেয়ের বাড়িতে যাওয়ার জন্য অটোরিকশা ধরতে মহাসড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। স্বজনেরা ঘটনাটিকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখছেন এবং এ ঘটনায় তাঁদের কোনো অভিযোগ নেই।

ফিরোজার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। তাঁর বড় ছেলের স্ত্রী রিপা বেগম বলেন, ‘শাশুড়ি আমার কাছে বটবৃক্ষের ছায়ার মতো ছিলেন।’ এরপর কান্নায় ভেঙে পড়েন তিনি।

দুর্ঘটনার ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান।

সর্বশেষ