দিনাজপুরের বিরামপুরে মোটরসাইকেলে করে বিয়ের দাওয়াতে যাওয়ার পথে ট্রাকের চাপায় রুমি আক্তার (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী মাহমুদুল হাসান ও দুই সন্তান গুরুতর আহত হয়েছেন। বর্তমানে স্বামী ও ১১ মাসের শিশুসন্তান হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর পৌরশহরের জনতা ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুমি আক্তার নবাবগঞ্জ উপজেলার জগন্নাথপুর এলাকার বাসিন্দা মাহমুদুল হাসানের (৫০) স্ত্রী। দুর্ঘটনায় আহত তাদের দুই সন্তান হলো—মারিয়া মাহরীন (১১ মাস) ও আব্দুর রহমান (৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রী ও দুই সন্তানকে সঙ্গে নিয়ে হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মোটরসাইকেলে করে বাড়ি থেকে রওনা দেন মাহমুদুল হাসান। বিরামপুর পৌরশহরের জনতা ব্যাংকের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটানোর সময় আরেকটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলসহ তারা সড়কে পড়ে যান।
এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক রুমি আক্তারকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় মাহমুদুল হাসান ও তার দুই সন্তান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
নিহতের স্বজন আল-আমিন হোসেন জানান, মাহমুদুল হাসান দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় প্রবাসজীবন কাটাচ্ছেন। এক মাসের ছুটিতে তিনি বাড়িতে এসেছিলেন। কয়েকদিন পরই তার আবার মালয়েশিয়ায় ফিরে যাওয়ার কথা ছিল। এর মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনায় স্ত্রীকে হারিয়ে পরিবারটি বিপর্যস্ত হয়ে পড়েছে।
বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শামিম আল মামুন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের মধ্যে ছেলে আব্দুর রহমানের অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মাহমুদুল হাসান ও তার ১১ মাসের মেয়ে মারিয়া মাহরীন বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মতামত দিন