কালাইয়ে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
ডেঙ্গুর বিস্তার রোধে মশা নিধনের পাশাপাশি মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দিয়ে জয়পুরহাটের কালাইয়ে শুরু হয়েছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মাধ্যমে কর্মসূচির মাঠপর্যায়ের কার্যক্রম শুরু হয়। এ সময় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে চলবে না। বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন, পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার দায়িত্ব সবার।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। মশার লার্ভা জন্মানোর সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করে নিয়মিত পরিষ্কার করতে হবে। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষও সচেতন হয়ে এগিয়ে এলে ডেঙ্গুমুক্ত কালাই গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুনুর রশিদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আলআমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুনসুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতামত দিন