ঢাকা বিশ্ববিদ্যালয়ে খানবাহাদুর আহ্ছানউল্লাহ (র.)-এর শিক্ষা ও অধ্যায়চিন্তার সমকালীন প্রাসঙ্গিকতা নিয়ে সেমিনার
ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০২৬:
হজরত খানবাহাদুর আহ্ছানউল্লাহ (র.)-এর শিক্ষা, আদর্শ ও অধ্যায়চিন্তার সমকালীন প্রাসঙ্গিকতা নিয়ে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষাবিদ, গবেষক, আলেম ও বিশিষ্ট ব্যক্তিরা তাঁর জীবনাদর্শ, মানবকল্যাণমূলক চিন্তা এবং বর্তমান সমাজে তাঁর শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
আজ রোববার সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘হজরত খানবাহাদুর আহ্ছানউল্লাহ (র.)-এর শিক্ষা ও অধ্যায়চেতনার সমকালীন প্রাসঙ্গিকতা’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারের আয়োজক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এবং খানবাহাদুর আহ্ছানউল্লাহ ইনস্টিটিউট, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি এমএমএম সাইদুর রহমান হক, ইউনাইটেড গ্রুপের উপদেষ্টা আলহাজ্জ আতাউর রহমান রানা এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ড. গোলাম রব্বান।
সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মুমিত আল রশিদ। প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একরাম হোসেন।
মূল আলোচক হিসেবে বক্তব্য দেন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও গবেষক মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ আজাদ আজহারী। তিনি হজরত খানবাহাদুর আহ্ছানউল্লাহ (র.)-এর শিক্ষা, নৈতিকতা, মানবসেবা ও সমাজসংস্কারমূলক চিন্তার বিভিন্ন দিক তুলে ধরেন।
আলোচনায় বক্তারা বলেন, খানবাহাদুর আহ্ছানউল্লাহ (র.) ছিলেন শিক্ষা বিস্তার, নৈতিক উন্নয়ন, মানবকল্যাণ ও আধ্যাত্মিক চেতনার এক অনন্য পথপ্রদর্শক। তাঁর চিন্তা ও কর্মধারা বর্তমান প্রজন্মের শিক্ষা, মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বক্তারা আরও বলেন, আধুনিক শিক্ষাব্যবস্থায় জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও সেবার মানসিকতা গড়ে তোলা জরুরি। এ ক্ষেত্রে খানবাহাদুর আহ্ছানউল্লাহ (র.)-এর আদর্শ ও শিক্ষাচিন্তা অনুসরণযোগ্য।
সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, আহ্ছানিয়া মিশনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
— সংবাদ
মতামত দিন