২০২৬ সালের এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে সর্বোচ্চ নম্বর পেয়ে যৌথভাবে প্রথম স্থান অর্জন করায় মোছাঃ তাসফিয়া রিফা রিমাকে সংবর্ধনা দিয়েছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ।
মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী তাসফিয়ার হাতে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল্লাহ্ আল মামুন।
এ সময় তিনি তাসফিয়ার সাফল্যের প্রশংসা করে তার ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে পড়াশোনায় মনোযোগ ধরে রেখে ভবিষ্যতেও সাফল্যের ধারা অব্যাহত রাখার পরামর্শ দেন।
তাসফিয়া নবাবগঞ্জ উপজেলার শওগুনখোলা গ্রামের বাসিন্দা। সে নবাবগঞ্জ সরকারি বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার পাশাপাশি মোট ১ হাজার ৭১ নম্বর অর্জন করে দিনাজপুর শিক্ষা বোর্ডে যৌথভাবে প্রথম হয়।
তাসফিয়ার সমান নম্বর পেয়ে রংপুরের আইডিয়াল পাবলিক স্কুলের মোছাঃ আনিশা ইসলামও দিনাজপুর শিক্ষা বোর্ডে যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছে।
তাসফিয়ার অসাধারণ ফলাফলে তার পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। মেয়ের সাফল্যে গর্বিত বাবা মো. রুহুল আমিন ও মা মোছাঃ নাজমুস সুলতানা। ভবিষ্যতে তাসফিয়া একজন চিকিৎসক হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায়।
মতামত দিন