সচিবালয় মেট্রোরেল স্টেশনে ৪ বছরের শিশুর টিকিট নিয়ে সাংবাদিকের সাথে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তারক্ষীর চরম দুব্যবহার, বিচারের দাবি
বিশেষ প্রতিনিধি: টাইম বাংলা নিউজ
রাজধানীর সচিবালয় মেট্রোরেল স্টেশনে মাত্র সাড়ে ৪ বছরের শিশুর টিকিটের অজুহাতে একজন নারী সাংবাদিক ও তাঁর শিশু সন্তানদের সাথে কর্তব্যরত নিরাপত্তাকর্মীর চরম অনাকাঙ্ক্ষিত ও কুরুচিপূর্ণ আচরণের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী বার্তা সংস্থা ‘টাইম বাংলা নিউজ’-এর ঢাকা ও নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি তানিয়া আক্তার রানু জানান, তিনি তাঁর সাড়ে ৪ বছর বয়সী ছেলে রেহান হোসেন এবং ছোট কন্যা সন্তান ফাইজা হোসেনকে নিয়ে ভ্রমণ শেষে স্টেশন থেকে বের হওয়ার মুহূর্তে এক্সিট গেটে আটকা পড়েন। সেখানে দায়িত্বরত এক নিরাপত্তা সদস্য (কনস্টেবল/আনসার) সাড়ে ছয় বছরের শিশুর জন্য টিকিট না থাকার অজুহাতে তাঁদের গতিরোধ করেন এবং চরম দুর্ব্যবহার শুরু করেন।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, নিরাপত্তার দায়িত্বে থাকা ওই ব্যক্তি নারী সাংবাদিক ও তাঁর শিশু সন্তানদের বের হতে না দিয়ে গেটে আটকে রেখে আক্রমণাত্মক আচরণ করেন। এ সময় ছোট শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে।
উক্ত ঘটনার ভিডিও চিত্র ইতোমধ্যেই প্রমাণ হিসেবে ধারণ করা হয়েছে, যেখানে দেখা যায় দায়িত্বরত কর্মী কুরুচিপূর্ণ ভঙ্গিতে আঙুল উঁচিয়ে ও উত্তেজিত হয়ে কথা বলছেন।
একজন নারী ও পেশাদার সাংবাদিকের সাথে তাঁর শিশু সন্তানের সামনে এমন হেনস্তা ও দুর্ব্যবহারের তীব্র নিন্দা জানানো হয়েছে। ভুক্তভোগী সাংবাদিক তানিয়া আক্তার রানু অনতিবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে সংশ্লিষ্ট ওই নিরাপত্তা কর্মচারীর বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ও আইনি পদক্ষেপের জোর দাবি জানিয়েছেন।
মতামত দিন