• ২০২৬ অক্টোবর ১৬, শুক্রবার, ১৪৩৩ কার্তিক ১
  • সর্বশেষ আপডেট : ০৬:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বিক্ষোভে অংশ নিয়ে বিপাকে ইমরান খান, ভারত ছাড়ার নির্দেশ।

  • প্রকাশিত ০৬:১০ অপরাহ্ন শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
বিক্ষোভে অংশ নিয়ে বিপাকে ইমরান খান, ভারত ছাড়ার নির্দেশ।
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা ।

**বিক্ষোভে অংশ নিয়ে বিপাকে ইমরান খান, ভারত ছাড়ার নির্দেশ।* 

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়ে ইমিগ্রেশন জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। আগামী ২৮ অক্টোবরের মধ্যে তাঁকে ভারত ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

গত ১০ অক্টোবর মুম্বাইয়ে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ভোটার তালিকা সংশোধনে অনিয়ম ও তথ্য কারচুপির অভিযোগ তুলে মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী এ কর্মসূচির ডাক দেন। এতে অভিনেতা ইমরান খানের পাশাপাশি তাঁর সঙ্গী লেখা ওয়াশিংটন ও চাচাতো বোন জাইন মেরি খানও অংশ নেন।

বিক্ষোভ চলাকালে পুলিশ ইমরান খানসহ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে। পরে তাঁদের পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নাগরিক ইমরান খান ভারতে অবস্থানকালে রাজনৈতিক ও সামাজিক বিক্ষোভে অংশ নিয়ে অভিবাসনসংক্রান্ত বিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ উঠেছে। বিজেপির সাবেক সংসদ সদস্য কিরিট সোমাইয়া এ বিষয়ে মুম্বাই পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন। একই সঙ্গে অভিনেতাকে ভারত থেকে বহিষ্কারের দাবিও জানান তিনি।

এরপর ফরেনার্স আঞ্চলিক রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) ও মুম্বাই পুলিশের পক্ষ থেকে তাঁকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

‘জানে তু... ইয়া জানে না’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে পরিচিতি পাওয়া ইমরান খান জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক। ২০১১ সালে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ভারতীয় পাসপোর্ট পাওয়ার চেষ্টা করছেন। তবে পরবর্তী সময়ে তিনি ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বিক্ষোভে আটকের পর পুলিশ ভ্যান থেকে হাসিমুখে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন ইমরান। ছবির সঙ্গে রসিকতা করে লেখেন, ‘মনে হচ্ছে আমি একটু ঘুরে আসতে যাচ্ছি!’

এর আগে চলতি বছরের জুলাইয়ে ভারতের নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জের ঘটনায়ও সরব হয়েছিলেন এই অভিনেতা।

এদিকে, ভারত ছাড়ার নোটিশের বিষয়ে ইমরান খান কিংবা তাঁর প্রতিনিধির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

সর্বশেষ