জমি নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় গৃহবধূর মৃত্যু, আটক ২
কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নাসিমা খাতুন (৪২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে।সোমবার (০২ নভেম্বর) সকালে উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নাসিমা খাতুন ওই এলাকার গৃহবধূ।
পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি জমি দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার সকালে মোমিনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল নাসিমা খাতুনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় হামলাকারীদের বাধা দিতে গেলে নাসিমা খাতুন ও তাঁর ছেলের বউয়ের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের আঘাতে নাসিমা খাতুন মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন।পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মিঠু ও রিপন নামের দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মতামত দিন