*সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস ডোবায়, নিহত ২, আহত ৪০।*
চট্টগ্রামের সাতকানিয়ায় শিক্ষা সফরে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের ডোবায় পড়ে গেলে দুজন নিহত হন। এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানিহাট রেললাইনের প্রায় ১০০ গজ সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সোহানা (৪৫) ও মোহাম্মদ ইসরাফিল (৫৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে আসা ‘তিসা’ পরিবহনের বাসটিতে বুড়িচংয়ের বাকশীমূল ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ অর্ধশতাধিক যাত্রী ছিলেন। শিক্ষা সফরের অংশ হিসেবে তাঁরা কক্সবাজার যাচ্ছিলেন। পথে সাতকানিয়ার কেরানিহাট এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান দোহাজারী হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, সাতকানিয়া থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। সম্মিলিতভাবে উদ্ধার অভিযান চালিয়ে আহতদের বাস থেকে বের করে কেরানিহাটের বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, দুর্ঘটনায় প্রাথমিকভাবে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ৪০ জন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মতামত দিন