রাজস্ব ঘাটতি ও ঋণের বোঝা : সরকার কী করবে?
০৯ নভেম্বর ২০২৬, ১২:০২ এএম
অর্থ শুধু ব্যক্তির প্রাণশক্তি নয়, একটি সমাজেরও প্রাণশক্তি। ধরুন, আপনার কাছে অর্থ নেই, তাহলে আপনি কোনো কিছুতেই সঠিকভাবে মনোনিবেশ করতে পারবেন না। কিন্তু আপনার যদি আয় থাকে, তাহলে আপনার মনোবল থাকবে চাঙা। অতি সম্প্রতি পত্রপত্রিকার বরাতে জানা যায়, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে সরকারের কাক্সিক্ষত রাজস্ব লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৪২ হাজার কোটি টাকা আদায় কম হয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৩১ শতাংশ কম। ধরুন, সরকারের চলতি অর্থবছরে খরচের লক্ষ্যমাত্রা ১০০ টাকা। যেখান থেকে ৭১ টাকা আদায় হবে, বাকি ২৯ টাকা বিভিন্ন সংস্থা থেকে ধারদেনা অথবা অন্যের দয়া-দাক্ষিণ্যের ওপর নির্ভর করে চলতে হবে। এর মধ্যে যদি দেখা যায়, আরও ২২ টাকা আদায়যোগ্য হয়নি, অথচ আমরা শুরুতে যা আদায়যোগ্য ধরেছিলাম। একই সঙ্গে ঋণের সুদ বাবদ ১৪ টাকা পরিশোধ করতে হবে। সুতরাং, ১০০ টাকার মধ্যে শুরুতেই ২৯ টাকা হবে না ধরে নিয়েছি, নতুন করে ২২ টাকা আদায় হলো না এবং ১৪ টাকা আদায় থেকে ঋণের সুদ বাবদ পরিশোধ করতে হবে। অর্থাৎ, আপনার আদায় থেকে ৩৫ টাকা খরচ করতে পারবেন। এই ৩৫ টাকা দিয়ে রাষ্ট্রের প্রত্যক্ষ খরচ মেটানোর পর কতটুকু উন্নয়ন করা সম্ভব, যেখানে প্রত্যক্ষ খরচ মেটানোই অসম্ভব। পত্রপত্রিকায় খবর আসছে, আগামী মাসে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়ার মতো অর্থ সরকারের হাতে নেই। তাহলে রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে?
অনেকেই বলছেন, সরকার এই মুহূর্তে চাপ সামাল দেওয়ার জন্য টাকা ছাপাতে বাধ্য হচ্ছে। যদি তাই হয়, তাহলে দেশের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? টাকার অবমূল্যায়ন হতে হতে কোথায় গিয়ে দাঁড়াবে? সরকার এই বিশাল চাপ কীভাবে সামাল দেবে? এই বিশাল ঘাটতির জন্য সরকারের দায়িত্বের অবহেলা, নাকি অবনতি? আপাতদৃষ্টিতে অবহেলা বা অবনতি কোনোটিই লক্ষণীয় নয়। তবে সরকারের সঠিক নীতি ও দক্ষ লোকবলই পারে এই দুর্দিন থেকে রাষ্ট্রের সকল নাগরিককে নিরাপদ রাখতে। সঠিক নীতি বা কার্যকর পদক্ষেপই একমাত্র এই দুর্দিনের দুর্দশা থেকে দেশকে রক্ষা করতে পারবে। তাই সরকারের উচিত মেগা প্রজেক্ট হাতে না নিয়ে অত্যাবশ্যকীয় প্রকল্পগুলো হাতে নেওয়া এবং নিজস্ব অর্থায়নে সেগুলো শেষ করা। যদিও এই মুহূর্তে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ ২০২৬ সালের মার্চ পর্যন্ত ৭৮ বিলিয়ন মার্কিন ডলার (তথ্য: জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জুন ২৪, ২০২৬)। আর অভ্যন্তরীণ ঋণের পরিমাণ ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ২২ লাখ কোটি টাকার বেশি। সুতরাং, আর কত? বিশ্বের এই অস্থিরতা ও মন্দার মধ্যে দেশে আরও কয়েক বছর উন্নয়ন না হলে খুব বেশি ক্ষতি হবে বলে মনে করেন না অনেকেই। সুতরাং, দেশের স্বার্থে, দেশের প্রয়োজনে সংকোচনমূলক উন্নয়ননীতি গ্রহণ করা ছাড়া বিকল্প আছে বলে বিশেষজ্ঞরা মনে করেন না।
এবার একটু খুঁজে দেখা যাক, প্রথম তিন মাসে সরকারের কেন এমন বিশাল ঘাটতি। সাধারণত সরকার তিনটি জায়গা থেকে আয় করে থাকেন, যেমন মূল্য সংযোজন কর (ভ্যাট), আয়কর ও আমদানি-রপ্তানি শুল্ক। আয়কর কাক্সিক্ষত লক্ষ্যমাত্রা অর্জন থেকে সামান্য ঘাটতিতে থাকলেও বাকি দুটির মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি ভ্যাট আদায়ে। উল্লিখিত সময়ে মোট রাজস্ব ঘাটতির অর্ধেকই ভ্যাটের। কারণ, মানুষের ক্রয়ক্ষমতার সঙ্গে বাকি দুটি সম্পৃক্ত। মানুষ কেনাকাটা করলে তবেই হয়তো সরকার সেখান থেকে ভ্যাট আয় করে থাকে। কিন্তু যদি কেনাকাটাই না হয়, তাহলে সরকার ভ্যাট পাবে কোথা থেকে? আবার আমদানি-রপ্তানি যদি না হয়, তাহলে শুল্ক পাবে কীভাবে? ঘাটতির দুটি বিষয়ই এটাই প্রমাণ করে যে, দেশের জনগণের হাতে অর্থ নেই, কেনাকাটা করার মতো সামর্থ্য নেই। একটু লক্ষ্য করলে দেখা যাবে, দেশের বড় বড় বিপণিবিতানগুলোতে ক্রেতাশূন্য। যেখানে সারাদিন অপেক্ষা করেও কোনো কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে একজন ক্রেতাও মেলে না। সুতরাং, এক্ষেত্রে সরকার তার কাক্সিক্ষত লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে পড়বে, এটাই স্বাভাবিক। আবার ব্যবসা-বাণিজ্য সচল না হলে আমদানি-রপ্তানির প্রয়োজনই বা কী? যদি আমদানি-রপ্তানি না থাকে, তাহলে শুল্ক কমে যাবে, এটাও স্বাভাবিক। আবার মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং ইউরোপের জেন-জি আন্দোলনের কারণে পুরো ইউরোপজুড়েই অস্থিরতা বিরাজ করছে। আমেরিকাতেও দেখা যাচ্ছে অর্থনৈতিক মন্দার ছোঁয়া পড়ে গেছে। সুতরাং, আপনি রপ্তানিও করতে পারছেন না তেমন। এমন অবস্থায় শুল্ক আদায় কম হবে, এটাই স্বাভাবিক। সুতরাং, আপনার সংকোচনমূলক নীতি ছাড়া উপায় কী?
সরকারের আরও একটি আয়ের অন্যতম খাত হলো ব্যাংকিং খাত। যে খাত নিজেই রয়েছে ধ্বংসের দ্বারপ্রান্তে। পত্রিকার বরাত দিয়ে বলা যায়, প্রায় ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। যে ইসলামী ব্যাংক প্রায় তিন হাজার কোটি টাকার অধিক বাৎসরিক আয় বা লাভ করত, আজ সেই ব্যাংকই রয়েছে লোকসানে। ধরুন, একটি ব্যাংক তিন হাজার কোটি টাকা লাভ করলে সরকার সরাসরি লভ্যাংশ থেকে ৩৭ দশমিক ৫ শতাংশ, অর্থাৎ প্রায় ১ হাজার ১২৫ কোটি টাকা সরকারের রাজস্ব খাতে চলে যেত। কিন্তু লোকসান করলে তা কীভাবে সরকারের রাজস্ব খাতে যাবে? শুধু কি তাই, সরকার প্রতিটি গ্রাহকের হিসাব থেকে আবগারি শুল্ক এবং উৎসে কর বাবদ নানাভাবে আয় করে থাকে। ব্যাংকগুলো গ্রাহক মন্দায় ভুগছে। আপনি খেয়াল করলে দেখবেন, ব্যাংকগুলোতে গ্রাহকের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। সুতরাং, এখানেও সরকার একধরনের লোকসানে রয়েছে। তাই ব্যাংক খাতকে ঢেলে সাজিয়ে দেশের অর্থনীতিকে চাঙা করতে এর বিকল্প নেই। কিন্তু সরকার এখানেও কেন যেন উদাসীন। বারবার বড় বড় খেলাপি ঋণগ্রহীতাদের ছাড় দিচ্ছে। যেখানে ব্যাংক খাতকে ঢেলে সাজানো উচিত, সেখানে সে ধরনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। দেশের এই ক্রান্তিলগ্নে খেলাপি ঋণগ্রহীতাদের এমন ছাড় দেওয়ার দৃশ্য বিশ্বে বিরল। তাদের ছাড় না দিয়ে বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফেরত আনা, অর্থাৎ দেশে ফিরিয়ে নিয়ে আসার প্রচেষ্টা করাই হচ্ছে সরকারের একমাত্র লক্ষ্য হওয়া উচিত।
এবার একটু সরকারের বাজেট নিয়ে পর্যালোচনা করা যাক। যদিও এখন বাজেটের সময় নয়, তবুও সরকারের ঘোষিত বাজেট-সম্পর্কিত বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করা যেতেই পারে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের লক্ষ্যমাত্রা ৯ লক্ষ ৩৮ হাজার কোটি টাকা থেকে রাজস্ব আদায় করবে ৬ লক্ষ ৯৫ হাজার কোটি টাকা। তবুও ঘাটতি থাকবে ২ লক্ষ ৪৩ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা ১ লক্ষ ৫৫ হাজার কোটি টাকা। সেই ঋণের সুদ বাবদ এবারের বাজেটে ১ লক্ষ ২৭ হাজার কোটি টাকা পরিশোধ করতে হচ্ছে, যা গতবারের বাজেটে ছিল ১ লক্ষ ২২ হাজার কোটি টাকা। বিশাল এই ঘাটতি পূরণের জন্য সরকার প্রতি বছরই দেশি ও বিদেশি ঋণ নিয়ে থাকে। আবার প্রতিবছর ঋণের সুদ পরিশোধের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এবারের মূল বাজেটের প্রায় ১৪ শতাংশই সুদ বাবদ পরিশোধ করতে হবে। বাকি ৮৬ শতাংশ দেশের জন্য ব্যয় হবে। তবে সেই ৮৬ শতাংশের মধ্যেও রয়েছে ঋণের কিস্তি পরিশোধ। সুতরাং, দেশের জন্য প্রকৃতপক্ষে কতটুকু ব্যয় করা হচ্ছে, সেটিও বিবেচনার বিষয়।
মতামত দিন