• ২০২৬ নভেম্বর ১২, বৃহস্পতিবার, ১৪৩৩ কার্তিক ২৮
  • সর্বশেষ আপডেট : ০৭:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কাজে অনীহা, উৎপাদনে ধস; ‘কাজ নেই, বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের প্রস্তুতি।

  • প্রকাশিত ০৭:১১ অপরাহ্ন বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
কাজে অনীহা, উৎপাদনে ধস; ‘কাজ নেই, বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের প্রস্তুতি।
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*কাজে অনীহা, উৎপাদনে ধস; ‘কাজ নেই, বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের প্রস্তুতি।* 


 *উপশিরোনাম:* হাজিরা দিয়েই কর্মস্থল ছাড়ছেন শ্রমিক, ব্যাহত উৎপাদন; ১৫০ কারখানায় অচলাবস্থা, বাড়ছে লোকসান—শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের চিন্তা মালিকদের।

শ্রমিক অসন্তোষের জেরে দেশের তৈরি পোশাকশিল্পে অস্থিরতা ক্রমেই বাড়ছে। কারখানায় উপস্থিত হয়েও কাজে অংশ না নেওয়া, হাজিরা দিয়ে বেরিয়ে যাওয়া এবং বিরতির পর কর্মস্থলে ফিরে না আসার ঘটনায় উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বুধবার (১১ নভেম্বর) এক দিনেই প্রায় ১৫০টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। এ অবস্থায় পরিস্থিতি সামাল দিতে শ্রম আইনের ১৩(১) ধারা প্রয়োগ করে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের কথা ভাবছেন মালিকরা।

এ ধারায় কারখানা বন্ধ ঘোষণা করা হলে কার্যকর হবে ‘কাজ নেই, বেতন নেই’ নীতি। ফলে বন্ধের সময় শ্রমিকদের মজুরি পাওয়ার সুযোগ থাকবে না। এতে একদিকে যেমন শ্রমিকদের আয় অনিশ্চিত হয়ে পড়বে, অন্যদিকে উৎপাদন বন্ধ থাকায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন উদ্যোক্তারাও।

বুধবার তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে কয়েকটি ক্ষতিগ্রস্ত কারখানার মালিক শ্রম আইনের ওই ধারা প্রয়োগের অনুমতি চান। বৈঠকে সাভার, আশুলিয়া ও গাজীপুর অঞ্চলের অধিকাংশ কারখানার মালিক অংশ নেন। তবে তাৎক্ষণিকভাবে কারখানা বন্ধের সিদ্ধান্ত না নিয়ে পরিস্থিতি আরও এক দিন পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছে বিজিএমইএ।

মালিকদের ভাষ্য, কয়েক দিন ধরে শ্রমিকদের এমন আচরণের কারণে কারখানা চালু রেখেও কাঙ্ক্ষিত উৎপাদন সম্ভব হচ্ছে না। অনেক শ্রমিক সকালে হাজিরা দিয়েই কর্মস্থল ত্যাগ করছেন। আবার কোথাও দুপুরের বিরতির পর কাজে ফিরছেন না তারা। এতে কারখানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি প্রতিদিনই বাড়ছে লোকসানের পরিমাণ।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়নি। বুধবারও শ্রমিকরা কাজে যোগ দিয়ে বেরিয়ে যাওয়ায় প্রায় ১৫০টি কারখানার কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে। প্রায় দুই সপ্তাহ ধরে উৎপাদন ব্যাহত হওয়ায় মালিকরা আর্থিক সংকটে পড়ছেন। অনেকের পিঠ দেয়ালে ঠেকে গেছে।

তিনি আরও জানান, বৈঠকে কয়েকজন মালিক শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধের অনুমতি চেয়েছেন। তবে বিজিএমইএর পক্ষ থেকে তাদের আরও এক দিন অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ, এ ধরনের সিদ্ধান্তে শ্রমিক ও মালিক—উভয় পক্ষই ক্ষতির মুখে পড়বেন। যদিও কয়েকটি কারখানা ইতোমধ্যে ওই ধারায় বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে শ্রমিকদের অসন্তোষ নিরসনে নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে গঠিত মজুরি বোর্ডের কার্যক্রমও শুরু হয়েছে। বোর্ডের প্রথম বৈঠকে আগামী মাস থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হলেও মাঠপর্যায়ে শ্রমিক অসন্তোষের কোনো দৃশ্যমান প্রশমন ঘটেনি।

শিল্পসংশ্লিষ্টদের আশঙ্কা, শ্রমিক অসন্তোষ দীর্ঘায়িত হলে পোশাকশিল্পের উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। ব্যাহত হতে পারে বিদেশি ক্রেতাদের কাছে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ। একই সঙ্গে শ্রমিকদের আয়-রোজগার অনিশ্চিত হয়ে পড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

সর্বশেষ