• ২০২৬ নভেম্বর ১২, বৃহস্পতিবার, ১৪৩৩ কার্তিক ২৮
  • সর্বশেষ আপডেট : ০৭:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু, বদলে যেতে পারে অর্থনীতির মানচিত্র।*

  • প্রকাশিত ০৭:১১ অপরাহ্ন বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু, বদলে যেতে পারে অর্থনীতির মানচিত্র।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু, বদলে যেতে পারে অর্থনীতির মানচিত্র।* 


 *উপশিরোনাম:* ওয়াই-টাইপ সেতুতে ফেরিনির্ভরতা কমে রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগে আসবে গতি, পাটুরিয়ায় খুলবে বাণিজ্য ও বিনিয়োগের নতুন দুয়ার।

পদ্মার এক পাড়ে মানিকগঞ্জের পাটুরিয়া, অন্য পাড়ে রাজবাড়ীর দৌলতদিয়া। দুই অঞ্চলের যোগাযোগের অন্যতম মাধ্যম ফেরি। প্রতিদিন হাজার হাজার যাত্রী ও যানবাহন পারাপার হলেও যানজট, দীর্ঘ অপেক্ষা, নাব্য সংকট ও বৈরী আবহাওয়ায় ভোগান্তি নিত্যদিনের। এই পরিস্থিতির স্থায়ী সমাধান এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থায় গতি আনতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা নতুন করে আলোচনায় এসেছে।

এবার শুধু সাধারণ সেতু নয়, ওয়াই-টাইপ কাঠামোয় এটি নির্মাণের পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে পদ্মা ব্যারাজের সঙ্গে সমন্বয় করে প্রকল্প দুটি বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে যোগাযোগের পাশাপাশি মানিকগঞ্জের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পায়নে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

গত ৩ নভেম্বর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, দ্বিতীয় পদ্মা সেতু ওয়াই-টাইপের করার পরিকল্পনা রয়েছে। পদ্মা ব্যারাজ ও সেতুর মধ্যে সমন্বয় রেখে প্রকল্প দুটি এগিয়ে নেওয়া হবে। বর্তমানে সম্ভাব্যতা সমীক্ষা চলছে। প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত নকশা ও উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করা হবে।

এর আগে গত ২ সেপ্টেম্বর দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা সেতুর সম্ভাব্যতা সমীক্ষার জন্য পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। সমীক্ষার জন্য ১২ মাস সময় নির্ধারণ করা হলেও আট থেকে নয় মাসের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া এলাকাকে সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনায় রাখা হয়েছে। তবে চূড়ান্ত অবস্থান, সংযোগ সড়ক ও নকশা নির্ধারিত হবে সমীক্ষার ফলাফলের ভিত্তিতে।

 *যোগাযোগে গতি, বাণিজ্যে নতুন সম্ভাবনা* 

প্রস্তাবিত ওয়াই-টাইপ সেতুর মাধ্যমে পাটুরিয়া থেকে পাবনার কাজীরহাট এবং রাজবাড়ীর দৌলতদিয়ার দিকে সংযোগ তৈরির বিষয়টি আলোচনায় রয়েছে। এটি বাস্তবায়িত হলে রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার মানুষের রাজধানীতে যাতায়াত সহজ হতে পারে। একই সঙ্গে মোংলা সমুদ্রবন্দর এবং বেনাপোল ও দর্শনা স্থলবন্দরের সঙ্গে যোগাযোগেও নতুন সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সেতুটির সম্ভাব্য সুফল সবচেয়ে বেশি কাজে লাগাতে পারে পাটুরিয়া ঘাটসংলগ্ন শিবালয় উপজেলা। ফেরিঘাটকেন্দ্রিক বর্তমান ব্যবসা-বাণিজ্যের পরিধি বাড়িয়ে এখানে পণ্য সংরক্ষণাগার, হিমাগার, গুদাম, পাইকারি বাজার ও পরিবহনকেন্দ্র গড়ে ওঠার সুযোগ তৈরি হতে পারে। বাড়তে পারে শিল্পকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিনিয়োগ।

মানিকগঞ্জ জেলা কৃষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে কৃষকদের উৎপাদিত পণ্য দ্রুত রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে পাঠানো সম্ভব হবে। এতে পরিবহন খরচ ও সময় কমার পাশাপাশি কৃষকদের বাজার সম্প্রসারিত হবে।

তিনি বলেন, কৃষকদের প্রকৃত সুফল নিশ্চিত করতে পাটুরিয়াকেন্দ্রিক হিমাগার, সংরক্ষণাগার ও আধুনিক বাজারব্যবস্থা গড়ে তুলতে হবে। শুধু সেতু নির্মাণ নয়, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার পরিকল্পনাও জরুরি।

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বড় অবকাঠামো একটি অঞ্চলের অর্থনৈতিক গতিপথ বদলে দিতে পারে। দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে পাটুরিয়াকে কেন্দ্র করে পরিবহন, পণ্য সংরক্ষণ, গুদামজাতকরণ ও লজিস্টিকস খাতে বিনিয়োগ বাড়ার সুযোগ তৈরি হবে। এতে স্থানীয় কর্মসংস্থান ও ক্ষুদ্র-মাঝারি ব্যবসার প্রসার ঘটতে পারে।

তবে এই সম্ভাবনা কাজে লাগাতে সেতুর দুই পাশের সংযোগ সড়ক, বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য অবকাঠামো নিশ্চিত করতে হবে। পাশাপাশি পরিকল্পিত শিল্পাঞ্চল ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেন তিনি।

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেন, দ্বিতীয় পদ্মা সেতু মানিকগঞ্জসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। এটি বাস্তবায়িত হলে পাটুরিয়াকে কেন্দ্র করে শিল্পায়ন, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের ব্যাপক সুযোগ তৈরি হবে। প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ ও সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান তিনি।

 *বাস্তবায়নে রয়েছে চ্যালেঞ্জ* 

দ্বিতীয় পদ্মা সেতুর সঙ্গে পদ্মা ব্যারাজের সমন্বয় প্রকল্পটিকে নতুন মাত্রা দিলেও রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ। ব্যারাজের মাধ্যমে শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং নদীর প্রবাহ ও পরিবেশের ভারসাম্য রক্ষার পরিকল্পনা রয়েছে।

তবে সেতু ও ব্যারাজ নির্মাণের ক্ষেত্রে নদীর স্বাভাবিক প্রবাহ, নৌচলাচল, পলি ব্যবস্থাপনা, বন্যা পরিস্থিতি ও জীববৈচিত্র্যের ওপর প্রভাব বিবেচনায় নিতে হবে। পাশাপাশি ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন ও অর্থায়নও প্রকল্প বাস্তবায়নের গুরুত্বপূর্ণ বিষয়।

পাটুরিয়া-দৌলতদিয়া এলাকায় সেতু নির্মাণের আলোচনা অবশ্য নতুন নয়। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহায়তায় ১৯৯৯ সালে এ এলাকায় সেতু নির্মাণের প্রাক্-সম্ভাব্যতা সমীক্ষা শুরু হয়। ২০০৫ সালের মে মাসে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে বিভিন্ন সরকারের আমলে প্রকল্পটি নিয়ে আলোচনা হলেও বাস্তবায়নের উদ্যোগ আর এগোয়নি।

এবার ওয়াই-টাইপ সেতুর পরিকল্পনা, পদ্মা ব্যারাজের সঙ্গে সমন্বয় এবং নতুন সম্ভাব্যতা সমীক্ষার উদ্যোগে প্রকল্পটি আবারও আলোচনায় এসেছে। যথাযথ পরিকল্পনা ও অবকাঠামোগত প্রস্তুতি নিশ্চিত করা গেলে পাটুরিয়াকে ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নতুন বাণিজ্যিক ও অর্থনৈতিক কেন্দ্র গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে সেই সম্ভাবনা বাস্তবে রূপ দিতে এখন অপেক্ষা সমীক্ষা, চূড়ান্ত নকশা ও বাস্তবায়ন প্রক্রিয়ার।

সর্বশেষ