• ২০২৬ নভেম্বর ১৪, শনিবার, ১৪৩৩ কার্তিক ৩০
  • সর্বশেষ আপডেট : ০২:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

জনগণের করের টাকায় নির্মিত অবকাঠামো হতে হবে টেকসই: বাণিজ্যমন্ত্রী

  • প্রকাশিত ০২:১১ অপরাহ্ন শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
জনগণের করের টাকায় নির্মিত অবকাঠামো হতে হবে টেকসই: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত ১৫ নং অনলাইন নিউজ পোর্টাল
শহীদুর রহমান জুয়েল ( সিলেট জেলা প্রতিনিধি ):

সরকারি উন্নয়নকাজে গুণগত মানের সঙ্গে কোনো আপস করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ মান বজায় রেখে প্রকল্পের কাজ শেষ করতে হবে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।

সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মন্ত্রী নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার ও উন্নয়নকাজ ঘুরে দেখেন।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় যান। সেখানে আরসিসি পদ্ধতিতে চলমান সড়ক উন্নয়নকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট প্রকৌশলীদের দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার তাগিদ দেন।

পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সরকারি উন্নয়নকাজে কোনোভাবেই গুণগত মানের সঙ্গে আপস করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ মান বজায় রেখে প্রকল্পের কাজ সম্পন্ন করতে হবে। নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে চলমান কাজগুলো দ্রুত শেষ করা জরুরি। জনগণের করের টাকায় নির্মিত অবকাঠামো যেন দীর্ঘস্থায়ী হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে কঠোর নজরদারি রাখতে হবে।

এ সময় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরীর সার্বিক উন্নয়ন পরিকল্পনা মন্ত্রীর সামনে তুলে ধরেন। চলমান প্রকল্পগুলোর অগ্রগতি এবং সড়ক যোগাযোগ ও আধুনিক অবকাঠামো উন্নয়নে সিটি করপোরেশনের নেওয়া পদক্ষেপ সম্পর্কে তাঁকে অবহিত করেন।

সিসিক প্রশাসক বলেন, নগরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং আধুনিক ও টেকসই নগর অবকাঠামো গড়ে তুলতে সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে সিটি করপোরেশন। প্রতিটি প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে প্রকৌশল বিভাগ সার্বক্ষণিক তদারকি করছে। নির্ধারিত সময়ের মধ্যেই নগরবাসী এসব উন্নয়নকাজের সুফল ভোগ করতে পারবেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রজি উদ্দিন খান ও শামসুল হক পাটোয়ারী, সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যসহ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ