*মজুরি ৩২ হাজার হলে চাপে পড়বে পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা।*
*উপশিরোনাম:* উৎপাদন ব্যয় ও ক্রয়াদেশ হারানোর শঙ্কা, প্রতিযোগী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি নির্ধারণের তাগিদ উদ্যোক্তার।।
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ করা হলে দেশের তৈরি পোশাকশিল্পের উৎপাদন ব্যয় বাড়তে পারে। এতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার ক্ষেত্রে বাংলাদেশকে বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বলে মনে করেন স্পারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর সাবেক পরিচালক মোস্তাফিজুর শোভন ইসলাম।
সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, জ্বালানি সংকট, অপর্যাপ্ত অবকাঠামো ও দীর্ঘ উৎপাদন সময়ের কারণে বাংলাদেশের পোশাকশিল্প আগে থেকেই নানা সীমাবদ্ধতার মধ্যে কাজ করছে। কাঁচামাল আমদানিনির্ভর হওয়ায় পণ্য উৎপাদন ও রপ্তানিতে ৭০ দিনের বেশি সময় লাগে। অথচ প্রতিযোগী অনেক দেশে এ সময় প্রায় ৪০ দিন।
তিনি বলেন, একই আন্তর্জাতিক ক্রেতা বাংলাদেশ, ভিয়েতনাম ও পাকিস্তান থেকে পোশাক তৈরি করেন। ফলে উৎপাদন ব্যয়ের পার্থক্য ক্রয়াদেশ পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মজুরি বৃদ্ধির কারণে ব্যয় বেড়ে গেলে বাংলাদেশের রপ্তানিকারকদের প্রতিযোগিতায় বাড়তি চাপ সামলাতে হতে পারে।
মোস্তাফিজুর শোভন ইসলামের দাবি, বর্তমান মজুরির তুলনায় ২০ থেকে ২৫ শতাংশের বেশি বৃদ্ধি করা হলে এক বছরের মধ্যে পোশাক রপ্তানি অর্ধেকে নেমে আসতে পারে। গত বছর প্রায় ৪০ বিলিয়ন ডলারের রপ্তানি আয় কমে ২০ বিলিয়ন ডলারে দাঁড়ানোর আশঙ্কাও প্রকাশ করেন তিনি।
তাঁর মতে, বাংলাদেশের পোশাকশিল্পের অন্যতম প্রতিযোগিতামূলক শক্তি হলো বিপুল শ্রমিকের প্রাপ্যতা ও তুলনামূলক কম শ্রমব্যয়। তাই মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের পাশাপাশি শিল্পের উৎপাদন সক্ষমতা ও আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতার বিষয়টিও বিবেচনায় রাখা প্রয়োজন।
মতামত দিন