• ২০২৬ নভেম্বর ১৪, শনিবার, ১৪৩৩ কার্তিক ৩০
  • সর্বশেষ আপডেট : ০২:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

চুল পেকেছে, বদলেছে প্রজন্ম; অবশেষে সেতুর অনুমোদন।*

  • প্রকাশিত ০২:১১ অপরাহ্ন শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
চুল পেকেছে, বদলেছে প্রজন্ম; অবশেষে সেতুর অনুমোদন।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*চুল পেকেছে, বদলেছে প্রজন্ম; অবশেষে সেতুর অনুমোদন।* 


 *উপশিরোনাম:* তিন দশকের অপেক্ষার অবসান, টাঙ্গন নদীতে ৯০ মিটার সেতুর অনুমোদন; চলতি মাসে দরপত্র, জানুয়ারিতে নির্মাণকাজ শুরুর পরিকল্পনা।

প্রজন্মের পর প্রজন্ম পার হয়েছে। জনপ্রতিনিধি বদলেছেন, সরকার বদলেছে, নির্বাচনের আগে এসেছে একের পর এক প্রতিশ্রুতি। কিন্তু ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের পালপাড়া ঘাটে সেতু নির্মাণের দাবি পূরণ হয়নি। দীর্ঘদিনের সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে এবার। টাঙ্গন নদীর ওপর ৯০ মিটার দীর্ঘ সেতু নির্মাণের অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

সেতুর অনুমোদনের খবরে স্বস্তি ফিরেছে নদীপারের অন্তত ১০ গ্রামের মানুষের মধ্যে। তাদের আশা, এবার আর প্রতিশ্রুতিতে আটকে থাকবে না উন্নয়ন। দ্রুত নির্মাণকাজ শুরু হলে কৃষক, শিক্ষার্থী, রোগীসহ হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে।

পালপাড়া এলাকার বাসিন্দা পরেশ চন্দ্র পাল (৬৩) বলেন, ছোটবেলা থেকে সেতুর দাবি শুনে আসছেন। বয়স বেড়েছে, চুল পেকেছে, কিন্তু সেতু হয়নি। জনপ্রতিনিধিদের কাছে বহুবার ধরনা দিয়েও কোনো ফল পাননি। ভোটের আগে সবাই প্রতিশ্রুতি দিলেও পরে আর খোঁজ রাখেননি। একসময় সেতুর আশা ছেড়েই দিয়েছিলেন।

তিনি বলেন, সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের এলাকায় এসে সেতু নির্মাণের আশ্বাস দিয়েছিলেন। এবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে। এ জন্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সংসদ সদস্য মির্জা ফয়সল আমিনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

স্থানীয়দের ভাষ্য, ১৯৯৬ সাল থেকে বিভিন্ন জাতীয় ও স্থানীয় নির্বাচনে পালপাড়া ঘাটে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সাবেক পানিসম্পদমন্ত্রী ও সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনসহ বিভিন্ন জনপ্রতিনিধি একাধিকবার আশ্বাস দিলেও বাস্তবে কোনো উদ্যোগ কার্যকর হয়নি।

সর্বশেষ ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মির্জা ফয়সল আমিন সেতু নির্মাণের ঘোষণা দেন। নির্বাচিত হওয়ার সাত দিনের মধ্যে দেওয়া ওই ঘোষণায় নতুন করে আশাবাদী হয়ে ওঠেন এলাকাবাসী।

এলজিইডির ‘পল্লি সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্পের আওতায় সেতুটি নির্মিত হবে। প্রকল্প পরিচালক মোহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদারের স্বাক্ষরিত চিঠি অনুযায়ী, ঠাকুরগাঁও জেলায় মোট তিনটি সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে।

এর মধ্যে আকচা ইউনিয়ন পরিষদ থেকে চেড়াডাঙ্গী বাজার সড়কের ১ হাজার ৭৫০ মিটার চেইনেজে টাঙ্গন নদীর পালপাড়া ঘাটে নির্মিত হবে ৯০ মিটার দীর্ঘ সেতু। এ ছাড়া গোবিন্দনগর সমবায় মার্কেট-মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ এলাকায় শুক নদীর ওপর ৭৫ মিটার এবং পৌর শহরের সেনুয়া নদীর শ্মশানকালী মন্দির-জমিদারবাড়ি ঘাটে ৫৫ মিটার দীর্ঘ আরও দুটি সেতু নির্মাণ করা হবে।

সম্প্রতি পালপাড়া ঘাটে গিয়ে দেখা যায়, নদী পারাপারের জন্য স্থানীয়রা নিজেদের উদ্যোগে দীর্ঘ বাঁশের সাঁকো তৈরি করেছেন। প্রতিদিন ঝুঁকি নিয়ে এই সাঁকো দিয়ে চলাচল করছেন নারী-পুরুষ ও শিশুরা। সাইকেল ও মোটরসাইকেল চলাচল করতে পারলেও তিন চাকার যানবাহন কিংবা পণ্যবাহী গাড়ি পারাপারের সুযোগ নেই। বর্ষায় নৌকা আর শুকনা মৌসুমে বাঁশের সাঁকোই তাদের একমাত্র ভরসা।

সেতু না থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েন কৃষক, শিক্ষার্থী ও অসুস্থ রোগীরা। জরুরি চিকিৎসার প্রয়োজনে রোগীদের হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। অন্তঃসত্ত্বা নারীদেরও ঝুঁকি নিয়ে নদী পার হতে হয়। অন্যদিকে কৃষকদের উৎপাদিত সবজি ও কৃষিপণ্য বাজারে নিতে অতিরিক্ত সময় ও পরিবহন খরচ বহন করতে হয়। অনেক ক্ষেত্রে সাত কিলোমিটার পর্যন্ত ঘুরে গন্তব্যে পৌঁছাতে হয়।

স্থানীয় বাসিন্দা নয়ন পাল, নিমাই পাল ও রাধা পাল বলেন, সেতুর অনুমোদনের খবর সংসদ সদস্য মির্জা ফয়সল আমিনের বক্তব্যের মাধ্যমে জানতে পেরেছেন। তাদের বাপ-দাদারাও সেতুর অভাবে দীর্ঘদিন দুর্ভোগ পোহিয়েছেন। কিন্তু তারা সেতু নির্মাণের এই উদ্যোগ দেখে যেতে পারেননি। এখন দ্রুত কাজ শুরু হলে পরবর্তী প্রজন্মকে আর একই দুর্ভোগে পড়তে হবে না।

বিনা রানী পাল বলেন, নির্বাচনের আগে তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সেতু নির্মাণের শর্তে ভোট দেওয়ার কথা জানিয়েছিলেন। এখন অনুমোদনের খবর পেয়ে মনে হচ্ছে, দীর্ঘদিনের কষ্ট থেকে মুক্তি মিলবে।

স্থানীয় বাসিন্দা সমসের আলীর প্রত্যাশা, দ্রুত দরপত্র ও নির্মাণপ্রক্রিয়া শেষ করে সেতুর কাজ শুরু করা হবে। রনি পাল ও ভিম পাল জানান, নদীর ওপারে অন্তত ১০টি গ্রামের মানুষ এই ঘাট ব্যবহার করেন। সেতু হলে কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও চিকিৎসাসেবাসহ দৈনন্দিন যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন আসবে।

স্থানীয় বিএনপি নেতা মীর জাহিদ হাসান বলেন, পালপাড়া ঘাটের সেতু এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। এটি নির্মিত হলে কৃষক, শিক্ষার্থী ও ব্যবসায়ীসহ আশপাশের অন্তত ১০ গ্রামের মানুষের দুর্ভোগ কমবে। তাই অনুমোদনের পর দ্রুত নির্মাণকাজ শুরুর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে ঠাকুরগাঁও এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মো. ফরহাদ হোসেন সৌরভ বলেন, পালপাড়া ঘাটসহ জেলায় তিনটি সেতু নির্মাণের অনুমোদন পাওয়া গেছে। চলতি মাসেই দরপত্র আহ্বানের প্রক্রিয়া রয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ঠিকাদার নিয়োগ করা হলে আগামী জানুয়ারির দিকে নির্মাণকাজ শুরু হতে পারে।

সর্বশেষ