১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরার ইচ্ছা ও বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, সকাল ১০:১৪
শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা এবং বাস্তব পরিস্থিতি এক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
হুমায়ুন কবির বলেন, বাংলাদেশে আসতে হলে তাকে হাতকড়া পরে বন্দী হিসেবেই আসতে হবে। মনের জ্বালায় টাকা দিয়ে অনেকেই খবর করাতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
ব্রিফিংয়ের শুরুতে আমন্ত্রিত বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, সন্ত্রাসীদের বিষয়ে বাংলাদেশের মানুষের অবস্থান কী, তা বিদেশি প্রতিনিধিদের জানানো হয়েছে।
ব্রিফিংয়ে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতসহ দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া এবং ইউরেশিয়ার প্রায় ৬০টি মিশনের প্রধানরা অংশ নেন। এছাড়া জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সরকারের পক্ষ থেকে ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
মতামত দিন