কালাইয়ে বিএনপি প্রার্থী আব্দুল বারীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
জয়পুরহাটের কালাইয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কালাই মইনুদ্দিন হাই স্কুল মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জয়পুরহাট-২ আসনের ধানের শীষের প্রার্থী, সাবেক সচিব ও ঢাকার সাবেক জেলা প্রশাসক আব্দুল বারী বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনাই বিএনপির মূল লক্ষ্য। তিনি কালাই–ক্ষেতলাল–আক্কেলপুর এলাকার কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকিরের সভাপতিত্বে এবং পৌর বিএনপির আহ্বায়ক মোঃ সাজ্জাদুর রহমান তালুকদারের সঞ্চালনায় সভায় জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য দেন। সভা সফল করতে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
বিকেল থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভায় যোগ দেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জনসভাটি সম্পন্ন হয়।
মতামত দিন