বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছেন টাঙ্গাইল-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে টেলিফোনের মাধ্যমে তাকে এ বিষয়ে অবহিত করা হয়। দুপুর ১২টার দিকে তার ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হন তিনি। নির্বাচনে তিনি পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহসান হাবিব মাসুদ (জামায়াতে ইসলামী) পেয়েছেন ৮০ হাজার ২৮৩ ভোট।
এবারই প্রথমবারের মতো জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলেন সুলতান সালাউদ্দিন টুকু। ছাত্রদল ও যুবদলের সভাপতি হিসেবে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার কারণে তাকে প্রায় ৩৫০টি মামলার মুখোমুখি হতে হয় এবং ১২ দফা কারাভোগ করতে হয়েছে। প্রায় পাঁচ বছর কারাগারে থাকার পাশাপাশি টানা ৪৬ দিন রিমান্ডেও থাকতে হয়েছে তাকে।
মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির ডাক পাওয়ার খবরে দলীয় নেতাকর্মী ও তার ব্যক্তিগত সমর্থক-অনুসারীদের মাঝে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নতুন আলোচনার জন্ম দিয়েছে।
মতামত দিন