টাংগাইলের ধনবাড়ীতে আলোচিত কুকুরের মাংস বিক্রির ঘটনায় কিশোর গ্রেফতার।
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় কুকুরের মাংস বিক্রির অভিযোগে ব্যাপক আলোচিত ঘটনায় এক কিশোরকে গ্রেফতার করেছে ধনবাড়ী থানা পুলিশ। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়লে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়।
জানা যায়, গত ৭ মার্চ ২০২৬ তারিখে “কুকুরের মাংস বিক্রি” শিরোনামে বিভিন্ন সামাজিক মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়ে। মুহূর্তেই তা স্থানীয় জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং ধনবাড়ীসহ আশপাশের এলাকায় ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় তাৎক্ষণিকভাবে ধনবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পাশাপাশি ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার (প্রাণী স্বাস্থ্য) উদ্যোগে ৮ মার্চ ২০২৬ তারিখে একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-৪)। মামলা আমলে নিয়ে ধনবাড়ী থানার সাব-ইন্সপেক্টর মোঃ জসীম উদ্দীন তদন্ত শুরু করেন।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ২৯ মার্চ ২০২৬ তারিখে ধনবাড়ী পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের ছত্রপুর গ্রাম থেকে মোঃ নুর ইসলামের ছেলে মোঃ আসিফ (১৬)-কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগের সত্যতা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারের পর ৩০ মার্চ ২০২৬ তারিখে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুস সালাম সিদ্দিক বলেন, “ধনবাড়ীর জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বদা সচেষ্ট। এ ধরনের অনৈতিক ও আইনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা আশা করছেন, এই ঘটনার মাধ্যমে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার হবে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড রোধে প্রশাসন আরও কার্যকর ভূমিকা পালন করবে।
মতামত দিন