• ২০২৬ Jul ২৯, বুধবার, ১৪৩৩ শ্রাবণ ১৪
  • সর্বশেষ আপডেট : ০২:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ, ১৯শে এপ্রিল রোববার থেকেই কার্যকর

  • প্রকাশিত ০২:০৭ অপরাহ্ন বুধবার, Jul ২৯, ২০২৬
দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ, ১৯শে এপ্রিল রোববার থেকেই কার্যকর
সংগৃহীত ছবি
বিশেষ প্রতিনিধি

দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা ও প্রতি লিটার পেট্রোলের দাম নির্ধারণ করা হয়েছে ১৩৫ টাকা। এছাড়া প্রতি লিটার কেরোসিনের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৩০ টাকা।

শনিবার (১৮ এপ্রিল) রাতে এক বিজ্ঞপ্তিতে নতুন এই দাম ঘোষণা করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। রোববার থেকেই নতুন দর কার্যকর হবে।

সবমিলিয়ে গত ১ ফেব্রুয়ারি নির্ধারিত দামের তুলনায় দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। নতুন সমন্বয়ে ডিজেল ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে, অর্থাৎ লিটারে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি কেরোসিন ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা হয়েছে, এতে লিটারে ১৮ টাকা বেশি গুণতে হবে ভোক্তাকে। 

অন্যদিকে প্রতি লিটার অকটেন ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা হয়েছে, এতে লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া পেট্রোল ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা করা হয়েছে, যেখানে লিটারে ১৯ টাকা দাম বেড়েছে।

ইতোমধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ৩১ মার্চের স্মারকমূলে জারিকৃত ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের মূল্য পরিবর্তন করে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য লিটারপ্রতি ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় পুনর্নির্ধারণ করা হলো। পুনর্নির্ধারিত এই মূল্য যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত, যা রোববার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হবে।

এ ক্ষেত্রে ডিপোর প্রথম ৪০ কিলোমিটারের অতিরিক্ত দূরত্বের ক্ষেত্রে সড়কপথে ট্যাংকলরিযোগে জ্বালানি তেল পরিবহনের ভাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা গত ২৬ সেপ্টেম্বর, ২০২৩ তারিখের প্রজ্ঞাপনমূলে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।


সর্বশেষ