• ২০২৬ অক্টোবর ২৮, বুধবার, ১৪৩৩ কার্তিক ১৩
  • সর্বশেষ আপডেট : ০৯:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সয়াবিন তেলে বাড়তি দামের চাপ, লিটারে ১৪ টাকা বাড়াতে চায় কোম্পানিগুলো।*

  • প্রকাশিত ০৯:১০ অপরাহ্ন বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
সয়াবিন তেলে বাড়তি দামের চাপ, লিটারে ১৪ টাকা বাড়াতে চায় কোম্পানিগুলো।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*সয়াবিন তেলে বাড়তি দামের চাপ, লিটারে ১৪ টাকা বাড়াতে চায় কোম্পানিগুলো।* 


 *উপশিরোনাম:* বোতলজাত তেল ২১৮ ও খোলা তেল ১৯৯ টাকা করার প্রস্তাব, এখনো মেলেনি সরকারের অনুমোদন। 

ভোজ্যতেলের বাজারে নতুন করে মূল্যবৃদ্ধির প্রস্তাব দিয়েছে উৎপাদন ও পরিশোধনকারী কোম্পানিগুলো। তাদের দাবি, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি এবং দেশে জ্বালানি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় সয়াবিন তেলের দাম সমন্বয় করা প্রয়োজন। এ প্রস্তাব কার্যকর হলে বোতলজাত ও খোলা—উভয় ধরনের সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৪ টাকা বাড়বে। তবে এখনো এ বিষয়ে সরকারের সম্মতি মেলেনি।

কোম্পানিগুলোর প্রস্তাব অনুযায়ী, বর্তমানে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২১৮ টাকা নির্ধারণ করা হবে। পাঁচ লিটারের বোতলের দাম ১ হাজার থেকে বেড়ে ১ হাজার ৭০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৮৫ টাকা থেকে ১৯৯ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

গত ১৩ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের কাছে এ বিষয়ে চিঠি দেয় ভোজ্যতেল উৎপাদন ও পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

সংগঠনটির দাবি, গত ছয় মাস ধরে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম ঊর্ধ্বমুখী। প্রতি টন কাঁচামালের দাম ১ হাজার ৩০০ ডলার থেকে বেড়ে ১ হাজার ৩২৫ ডলারে পৌঁছেছে। বর্তমান আন্তর্জাতিক বাজারদর ও সংশ্লিষ্ট ব্যয় বিবেচনায় নিলে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম প্রায় ২৩৩ টাকা হওয়া উচিত বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, গত ২ সেপ্টেম্বর সর্বশেষ ভোজ্যতেলের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানো হয়েছিল। তখন এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা থেকে বেড়ে ২০৪ টাকা হয়। ওই সময় পরবর্তী সময়ে আবার মূল্য পুনর্বিবেচনার আশ্বাস দেওয়া হলেও এখনো নতুন করে দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়নি বলে দাবি করেছে সংগঠনটি।

কোম্পানিগুলোর ভাষ্য, দীর্ঘদিন উৎপাদন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম সমন্বয় না করায় লোকসানের মুখে পড়তে হচ্ছে তাদের। দ্রুত সিদ্ধান্ত না এলে বাজারে ভোজ্যতেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাও জানিয়েছে তারা। বিশেষ করে আসন্ন রমজান মাসে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে সংগঠনটি।

তবে কোম্পানিগুলোর প্রস্তাব অনুযায়ী দাম বাড়ানোর অনুমোদন এখনো দেয়নি বাণিজ্য মন্ত্রণালয়। ফলে বাজারে সয়াবিন তেলের নতুন দাম কার্যকর হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

সর্বশেষ