• ২০২৬ অগাস্ট ০৩, সোমবার, ১৪৩৩ শ্রাবণ ১৯
  • সর্বশেষ আপডেট : ০৮:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই, কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশিত ০৯:০৮ অপরাহ্ন সোমবার, অগাস্ট ০৩, ২০২৬
৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই, কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে। ছবি: সংগৃহীত
বিশেষ প্রতিনিধি মোঃ রুহুল আমিন

জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে ৫ আগস্টকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ধরনের নাশকতা চালানোর সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকার পরিস্থিতির ওপর সর্বোচ্চ নজর রাখছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, "আওয়ামী লীগ এখন কার্যক্রম নিষিদ্ধ একটি দল। তাদের দেশে কোনো ধরনের নাশকতা চালানোর শক্তি বা মুরোদ নেই। বিদেশ থেকে মাঝেমধ্যে কিছু বক্তব্য বা উসকানি দেওয়ার চেষ্টা হতে পারে, তবে বাস্তবে তারা কোনো তৎপরতা চালাতে পারবে না।"

সালাহউদ্দিন আহমদ জানান, ২০২৪ সালের ৫ আগস্টের জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় মঙ্গলবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও অংশ নেবেন।

তিনি আরও বলেন, ৫ আগস্টকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বেনজীর আহমেদের জামিন বাতিলে উদ্যোগ

দুবাইয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকারের নিয়োজিত আইনজীবী প্রতিষ্ঠানকে দ্রুত তাঁর জামিন বাতিলের জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে বলা হয়েছে।

তিনি জানান, বেনজীর আহমেদ শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। তবে কী কারণে তাঁকে জামিন দেওয়া হয়েছে, সে বিষয়ে সরকার এখনো বিস্তারিত তথ্য পায়নি। একই সঙ্গে তাঁর কাছে অন্য একটি দেশের পাসপোর্ট রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মেট্রোস্টেশনে বোমাসদৃশ বস্তু: আতঙ্কের কারণ নেই

সম্প্রতি একটি মেট্রোরেল স্টেশনে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

উগ্রবাদ দমনে কঠোর অবস্থানে সরকার

দেশে উগ্রবাদী তৎপরতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতের তুলনায় বর্তমানে উগ্রবাদ অনেক কমে এসেছে। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক রয়েছে, যাতে কোনো উগ্রবাদী বা মৌলবাদী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সফর নিয়ে মন্তব্য

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বাংলাদেশ সফর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সফরটি ছিল তাৎপর্যপূর্ণ। তাঁর ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সরকারের প্রতি সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী।

সর্বশেষ