দিনাজপুরের কাহারোলে প্রান্তিক কৃষকদের গবাদিপশু ও পাখির জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভেটেরিনারি টিচিং হাসপাতাল। ক্যাম্পে ৪০০ গরু, ৪০০ ছাগল এবং ১ হাজার হাঁস-মুরগিসহ মোট ১ হাজার ৮০০ প্রাণীর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাহারোল উপজেলার পূর্ব সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ‘ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে প্রাণীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও কৃমিনাশক কার্যক্রমের পাশাপাশি কৃষকদের বিনামূল্যে রুচিবর্ধক ওষুধ, ভিটামিন ট্যাবলেট, ইনজেকশন ও স্যালাইন দেওয়া হয়।
কর্মসূচির উদ্বোধন করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ান ও ট্রেজারার প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. রকিবুল ইসলাম।
ভাইস-চ্যান্সেলর বলেন, গ্রামের প্রান্তিক কৃষকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের গবাদিপশুর চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে। পাশাপাশি সমাজের সামর্থ্যবানদেরও অসহায় ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, অনেক দরিদ্র মানুষ অর্থের অভাবে নিজের চিকিৎসা নিতে না পারলেও তাদের গৃহপালিত পশু অসুস্থ হলে চিকিৎসার জন্য ছুটে আসেন। তাই এসব মানুষের প্রতি আন্তরিকতা ও মানবিক আচরণ নিশ্চিত করে প্রাণীর চিকিৎসাসেবা দিতে হবে।
তিনি জানান, গ্রামীণ জনগোষ্ঠীর প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প ভবিষ্যতেও নিয়মিত আয়োজনের পরিকল্পনা রয়েছে।
ক্যাম্পে হাবিপ্রবির ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী, ভেটেরিনারি সার্জন এবং সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা চিকিৎসাসেবা প্রদান করেন
মতামত দিন