• ২০২৬ নভেম্বর ১৪, শনিবার, ১৪৩৩ কার্তিক ৩০
  • সর্বশেষ আপডেট : ১০:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কালাইয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

  • প্রকাশিত ১০:১১ অপরাহ্ন শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
কালাইয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
Time Bangla news
স্টাফ রিপোর্টার আব্দুর রহিম

কালাইয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

সচেতনতা ও নিয়মিত চিকিৎসায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ সম্ভব: প্রতিমন্ত্রী আব্দুর বারী

নীরবে শরীরে বাসা বাঁধে ডায়াবেটিস। সময়মতো রোগ শনাক্ত ও চিকিৎসা না করালে এটি মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করার পাশাপাশি কিডনি, হৃদ্‌যন্ত্র, চোখসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গে মারাত্মক জটিলতা সৃষ্টি করতে পারে। তাই ডায়াবেটিসকে ভয় না পেয়ে সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও সঠিক চিকিৎসার মাধ্যমে রোগটি নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুর বারী।

শনিবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে জয়পুরহাটের কালাইয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিবসটি উপলক্ষে কালাই ডায়াবেটিক সমিতির উদ্যোগে সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার ও কালাই ডায়াবেটিক সমিতির সভাপতি ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান এবং জয়পুরহাটের সিভিল সার্জন ডা. মো. আল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. আব্দুর বারী বলেন, ডায়াবেটিস বর্তমানে বিশ্বজুড়ে একটি উদ্বেগজনক স্বাস্থ্য সমস্যা। অনেকেই শরীরে রোগের লক্ষণ দেখা দেওয়ার পরও বিষয়টিকে গুরুত্ব দেন না। আবার রোগ শনাক্ত হওয়ার পরও অনেকে নিয়মিত চিকিৎসা গ্রহণে অবহেলা করেন। এ ধরনের অসচেতনতা ভবিষ্যতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তাই প্রত্যেককে নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে এবং নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা করাতে হবে।

তিনি আরও বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে খাদ্যাভ্যাস ও দৈনন্দিন জীবনযাত্রায় পরিবর্তন আনা জরুরি। অতিরিক্ত মিষ্টি ও চিনিযুক্ত পানীয় পরিহার, পরিমিত খাবার গ্রহণ, নিয়মিত হাঁটাচলা ও শারীরিক ব্যায়াম এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ ও রক্তে শর্করার মাত্রা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।

আলোচনা সভায় ডায়াবেটিসের লক্ষণ, প্রতিরোধ ও সম্ভাব্য জটিলতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত পিপাসা, ঘন ঘন প্রস্রাব, ক্ষুধা বৃদ্ধি, অস্বাভাবিক ক্লান্তি, ওজন কমে যাওয়া ও চোখে ঝাপসা দেখা ডায়াবেটিসের অন্যতম লক্ষণ। তবে অনেক ক্ষেত্রে কোনো লক্ষণ ছাড়াও শরীরে এ রোগ থাকতে পারে। দীর্ঘদিন অনিয়ন্ত্রিত থাকলে কিডনি বিকল, হৃদ্‌রোগ, স্ট্রোক, দৃষ্টিশক্তি হ্রাস ও স্নায়ুজনিত জটিলতার ঝুঁকি বাড়ে।

প্রতিমন্ত্রী বলেন, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ শুধু চিকিৎসকের দায়িত্ব নয়; এ ক্ষেত্রে ব্যক্তি, পরিবার ও সমাজের প্রত্যেকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষকে স্বাস্থ্যসম্মত জীবনযাপনে অভ্যস্ত হতে হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানো এবং সাধারণ মানুষের মধ্যে রোগ সম্পর্কে সঠিক তথ্য ছড়িয়ে দিতে হবে।

তিনি কালাইয়ের মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং ডায়াবেটিস আক্রান্ত রোগীদের নিয়মিত চিকিৎসাসেবা গ্রহণে উদ্বুদ্ধ করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভায় বক্তারা বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পরিমিত খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম ও চিকিৎসকের পরামর্শ মেনে চললে ডায়াবেটিস নিয়েও সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন সম্ভব। এ জন্য রোগটি সম্পর্কে সচেতনতা তৈরি এবং সময়মতো শনাক্তকরণের কোনো বিকল্প নেই।

কালাই ডায়াবেটিক সমিতি, কালাই, জয়পুরহাট এ অনুষ্ঠানের আয়োজন করে।

সর্বশেষ