১৪সেপ্টেম্বর, ২০২৬
চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
রোববার (১৩ সেপ্টেম্বর) শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
বিমানমন্ত্রী বলেন, চীনের বুলেট ট্রেন ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত গতিতে চলতে পারে। তবে বাংলাদেশের জন্য এত বেশি গতির প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দেশের যোগাযোগব্যবস্থার উন্নয়নে দ্রুতগতির রেল চালুর বিষয়ে চীনের সঙ্গে কথাবার্তা চলছে। বাংলাদেশের প্রয়োজন ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে এর গতি নির্ধারণ করা যেতে পারে।
সভায় দেশের বিমানবন্দর অবকাঠামো নিয়েও কথা বলেন বিমানমন্ত্রী। তিনি জানান, বর্তমানে দেশে আটটি বিমানবন্দর চালু রয়েছে। এর মধ্যে কয়েকটির অবস্থা উন্নত করা প্রয়োজন। সামনে নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ায় আগামী ১০ বছরের মধ্যে নতুন একটি বিমানবন্দর নির্মাণের প্রয়োজন হতে পারে।
নতুন বিমানবন্দর নির্মাণের ক্ষেত্রে ময়মনসিংহ বিভাগকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় শেরপুরের সংসদ সদস্য, পুলিশ প্রশাসন ও জেলা পরিষদের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত দিন