*শ্রমিক বিক্ষোভের আশঙ্কায় গাজীপুরে ২৫ কারখানা বন্ধ।
শ্রমিক অসন্তোষ ও সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে অন্তত ২৫টি পোশাক কারখানায় মঙ্গলবারের (৩ নভেম্বর) জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সকালে কয়েকটি এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা দেখা গেলেও সকাল সাড়ে ৯টা পর্যন্ত সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে জানিয়েছে পুলিশ।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, সকালে শ্রমিকরা বিভিন্ন কারখানায় কাজে যোগ দিতে আসেন। এ সময় নাওজোর, ভোগড়া, কোনাবাড়ী, মৌচাক, সফিপুর ও পল্লী বিদ্যুৎ এলাকায় কিছু শ্রমিক ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেয়।
তিনি বলেন, সম্ভাব্য বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন এলাকার ২০ থেকে ২৫টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিল্পাঞ্চলের ছোট সড়কগুলোতে কিছু শ্রমিকের চলাচল থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ নিয়মিত টহল দিচ্ছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, সকাল সাড়ে ৯টা পর্যন্ত পুরো গাজীপুরের পরিস্থিতি স্বাভাবিক ছিল।
উল্লেখ্য, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও সহিংসতার ঘটনা ঘটছে। এসব ঘটনায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের পাশাপাশি পুলিশ ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশের গাড়ি, বিভিন্ন যানবাহন এবং কারখানার গুদামেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
মতামত দিন