• ২০২৬ অক্টোবর ২০, মঙ্গলবার, ১৪৩৩ কার্তিক ৫
  • সর্বশেষ আপডেট : ০৪:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কালাইয়ে ‘স্বপ্ন থেকে ক্যাম্পাসে’ ব্যতিক্রমী আয়োজন, ১৫ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে সংবর্ধনা

  • প্রকাশিত ০৫:১০ অপরাহ্ন মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
কালাইয়ে ‘স্বপ্ন থেকে ক্যাম্পাসে’ ব্যতিক্রমী আয়োজন, ১৫ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে সংবর্ধনা
Time Bangla news
স্টাফ রিপোর্টার আব্দুর রহিম

কালাইয়ে ‘স্বপ্ন থেকে ক্যাম্পাসে’ ব্যতিক্রমী আয়োজন, ১৫ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে সংবর্ধনা

জয়পুরহাটের কালাই উপজেলায় ব্যতিক্রমী আয়োজন ‘স্বপ্ন থেকে ক্যাম্পাসে’ অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ১৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ওমর কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড ওমর গার্টেন একাডেমি। শিক্ষার্থীদের সাফল্যের গল্প ও অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি বর্তমান শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অনুপ্রাণিত করতেই এ আয়োজন করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ১৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। প্রতিষ্ঠানটি প্রতিবছরই এ ধরনের আয়োজন করে আসছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহবুব, কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম এবং কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওমর কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক ওমর আব্দুল আজিজ তালুকদার।

অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীরা তাঁদের সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষকদের পরামর্শ, পড়াশোনার অনুকূল পরিবেশ ও সঠিক দিকনির্দেশনার অবদানের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, বিদ্যালয়ে অধ্যয়নকালে শিক্ষকদের পরামর্শ ও দিকনির্দেশনা তাঁদের ভালো ফলাফল অর্জনে সহায়তা করেছে। পরবর্তী সময়ে উচ্চমাধ্যমিকের পড়াশোনা শেষ করে তাঁরা দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মেহেদী হাসান এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশরাত জেবিন রিভা তাঁদের বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষকদের অবদানের কথা উল্লেখ করেন। এ সময় অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরাও বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শিক্ষকদের আন্তরিক সহযোগিতার প্রশংসা করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আব্দুল আজিজ তালুকদার বলেন, শিক্ষার্থীদের অর্জনকে স্বীকৃতি দেওয়া, তাঁদের অনুপ্রাণিত করা এবং বর্তমান শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষার স্বপ্ন জাগিয়ে তুলতেই এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা যেন নিজেদের লক্ষ্য নির্ধারণ করে সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারে, সে জন্য এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, উচ্চমাধ্যমিক পাসের পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্জন। ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চায়, তা শিক্ষার্থীদের এখন থেকেই নির্ধারণ করতে হবে এবং সে অনুযায়ী পড়াশোনা চালিয়ে যেতে হবে। বিদ্যালয় থেকেই বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, হাজার হাজার শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন দেখে, তবে সুযোগ পায় তুলনামূলকভাবে অল্পসংখ্যক শিক্ষার্থী। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া একটি বিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। এ ধরনের ব্যতিক্রমী আয়োজন সত্যিই প্রশংসনীয়।

এ ছাড়া জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কালাই উপজেলা দলকে সংবর্ধনা দেওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ইউএনও।

অনুষ্ঠানটি শিক্ষার্থীদের সাফল্য উদ্‌যাপনের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে উচ্চশিক্ষার আগ্রহ ও স্বপ্ন জাগিয়ে তোলার একটি অনুপ্রেরণামূলক উদ্যোগ হিসেবে উপস্থিত ব্যক্তিদের কাছে প্রশংসিত হয়।

সর্বশেষ