কুষ্টিয়ায় কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে যুবক নিহত, আহত ৪
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জাকারিয়া ইসলাম (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালকসহ আরও চারজন আহত হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে মিরপুর উপজেলার গোবিন্দপুর চার মাইল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত জাকারিয়া ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বড়গাংদিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে।
আহতরা হলেন—সিএনজিচালক মনিরুল ইসলাম এবং মেহেরপুর গাংনী শহরের থানাপাড়া এলাকার রেবেকা খাতুন (৪২) ও তার পুত্রবধূ তামান্না (২০)। তাৎক্ষণিকভাবে আহত অপর এক যাত্রীর নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে কুষ্টিয়া শহর থেকে চারজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা মেহেরপুরের গাংনীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের গোবিন্দপুর চার মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাকারিয়া ইসলামকে মৃত বলে ঘোষণা করেন।
বর্তমানে আহত অটোরিকশাচালক মনিরুল ইসলাম, রেবেকা খাতুন ও তার পুত্রবধূ তামান্না হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণের কাজ চলমান রয়েছে।
মতামত দিন