ময়মনসিংহে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে হাজারো নেতাকর্মী নিয়ে মতিউর রহমান মিল্টনের অংশগ্রহণ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও ভালুকা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মতিউর রহমান মিল্টন। তাঁর অংশগ্রহণে নেতাকর্মীদের একটি বড় অংশ কর্মসূচিতে যুক্ত হন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে ভালুকা সরকারি কলেজ মাঠে উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমবেত হন। পরে বিকেল ৫টার দিকে মতিউর রহমান মিল্টনের নেতৃত্বে ভালুকা পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে ভালুকা সরকারি কলেজ মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে যুবদলের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।।
পরে উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্ল্যাহ চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেলের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন পাঠান, যুবদল নেতা মতিউর রহমান মিল্টন ও তাজমুল হক মণ্ডলসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতারা।
সমাবেশ শেষে সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর নেতৃত্বে কলেজ মাঠ থেকে আরেকটি বিশাল র্যালি বের করা হয়। এতে উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
মতামত দিন