• ২০২৬ অক্টোবর ৩১, শনিবার, ১৪৩৩ কার্তিক ১৬
  • সর্বশেষ আপডেট : ০৯:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ইবিতে নতুন প্রশাসন ভবনে স্থায়ী মসজিদের শুভ উদ্বোধন

  • প্রকাশিত ০৯:১০ অপরাহ্ন শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
ইবিতে নতুন প্রশাসন ভবনে স্থায়ী মসজিদের শুভ উদ্বোধন
Time Bangla news
​তিতাস আহম্মেদ, কুষ্টিয়া

ইবিতে নতুন প্রশাসন ভবনে স্থায়ী মসজিদের শুভ উদ্বোধন

​বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন নতুন ১০ তলা প্রশাসন ভবনের নিচতলায় নবনির্মিত স্থায়ী মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে।

​আজ শনিবার (৩১ অক্টোবর) আয়োজিত এক আনন্দঘন ও অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. কে. এম. মতিনুর রহমান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিতি নিশ্চিত করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উদ্বোধনী পর্বে অংশগ্রহণ করেন।

​উল্লেখ্য, ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের পুরনো বা নতুন প্রশাসন ভবনে স্থায়ীভাবে নামাজ আদায়ের জন্য সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা ছিল না। ফলে দীর্ঘ দিন ধরে কর্মকর্তা, কর্মচারী ও দর্শনার্থীদের সুবিধার্থে প্রশাসন ভবনের পাশেই একটি অস্থায়ী টিনশেড কাঠামো তৈরি করে নামাজের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল। এতে বর্ষাকাল বা তীব্র গরমে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বেশ ভোগান্তি পোহাতে হতো।

​পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে প্রশাসন ভবন নির্মাণের কাজ শুরু হলে ভবনের নিচতলায় একটি আধুনিক ও প্রশস্ত স্থায়ী মসজিদ স্থাপনের সিদ্ধান্ত গৃহীত ও বাস্তবায়িত হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. এ. কে. এম. মতিনুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় সব ধরনের নাগরিক ও ধর্মীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা আমাদের অন্যতম লক্ষ্য। নতুন এই স্থায়ী মসজিদ চালুর মাধ্যমে দীর্ঘদিনের সাময়িক ভোগান্তির অবসান ঘটল।

​উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশের সার্বিক কল্যাণ, বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরবর্তীতে অতিথিবৃন্দ ও উপস্থিতি সহযোগে নবনির্মিত মসজিদে জোহরের নামাজ আদায় করা হয়।

সর্বশেষ