• ২০২৬ নভেম্বর ০৯, সোমবার, ১৪৩৩ কার্তিক ২৪
  • সর্বশেষ আপডেট : ০১:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, এমপির গাড়ি ভাঙচুর।

  • প্রকাশিত ০১:১১ পূর্বাহ্ন সোমবার, নভেম্বর ০৯, ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, এমপির গাড়ি ভাঙচুর।
Time Bangla news
মোঃ মিজানুর রহমান | কুমিল্লা ব্যুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ


জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, এমপির গাড়ি ভাঙচুর

প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, রাত ১০:৩৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে পাল্টাপাল্টি আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি এবং দল থেকে বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর অনুসারীরা। দুই সভায় নেতাকর্মীদের উপস্থিতিতে দেখা গেছে ভিন্ন চিত্র। উপজেলা বিএনপির সভায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত থাকলেও মুন্সীর সভায় তৃণমূলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল।

এদিকে, আলোচনা সভা শেষে ফেরার পথে দেবিদ্বারের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এ সময় গুলশান বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আউয়াল খানের গাড়ির সামনের গ্লাস ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেছেন তিনি।

রবিবার (৮ নভেম্বর) বিকেলে দেবিদ্বার পৌর এলাকার রেয়াজ উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠ ও রহমানিয়া সুপার মার্কেটের সামনে পৃথকভাবে এ দুটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দেবিদ্বারের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন, গুলশান বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম, দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। তবে শীর্ষ নেতাদের উপস্থিতি থাকলেও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল তুলনামূলক কম।

অন্যদিকে, সাবেক সংসদ সদস্য ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর ডাকে আয়োজিত সভায় বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটে। এতে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ব্যারিস্টার রিজভিউল আহসান মুন্সী, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য মাজেদা আহসান মুন্সী, সদস্যসচিব এএফএম তারেক মুন্সী, সদ্য অব্যাহতি পাওয়া দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম আজাদ, সাবেক আহ্বায়ক গিয়াস উদ্দিন, সদস্যসচিব কাজী মাসুদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। এ সভায় উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিএনপি এবং অঙ্গসংগঠনের তৃণমূল পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

গাড়ি ভাঙচুরের অভিযোগের বিষয়ে দেবিদ্বার উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্যসচিব আবুল কালাম আজাদ বলেন, আলোচনা সভা শেষে মিছিল নিয়ে ফেরার পথে মঞ্জু ভাইসহ আমরা সবার পেছনে ছিলাম। সামনে কী হয়েছে, তা বলতে পারি না।

গুলশান বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান বলেন, অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার পথে পৌর এলাকার চান্দিনা রোডের সামনে আমার গাড়ি লক্ষ্য করে হামলা করা হয়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন্দ্র থেকে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দলের নির্দেশে থানায় মামলা দায়ের করব।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনার সময় আমি উপস্থিত থাকলেও কোনোভাবে উত্তেজিত যুবকদের আটকানো যায়নি। কেউ একজন থাপ্পড় দিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ