*শিল্পাঞ্চলে নিরাপত্তার চাদর, মোতায়েন বিজিবির ৩৩ প্লাটুন।*
*উপশিরোনাম:* শিল্পাঞ্চলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা জোরদার, ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে এই তিন জেলায় কড়া নজরদারিতে ৩৩ প্লাটুন বিজিবি।
দেশের প্রধান তিন শিল্পাঞ্চল ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখা এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এসব জেলার গুরুত্বপূর্ণ এলাকায় ৩৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর এলাকায় দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এলাকায়ও তাঁদের মোতায়েন করা হয়েছে।
এ ছাড়া গাজীপুরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।
বিজিবি জানিয়েছে, সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তির সহায়তায় মাঠপর্যায়ের কার্যক্রম ও সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন মোতায়েন করা সদস্যরা।
শিল্পাঞ্চলে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, জনসাধারণের জানমালের সুরক্ষা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির এই মোতায়েন ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মতামত দিন