*৪৫ বছর পর জন্মভূমিতে ফেরা, মা-বাবার খোঁজে ডাচ নাগরিক সেলিনা।*
শৈশবেই হারিয়েছেন জন্মদাতা মা-বাবার সান্নিধ্য। মাত্র দেড় বছর বয়সে দত্তক হয়ে পাড়ি জমিয়েছিলেন নেদারল্যান্ডসে। এরপর কেটে গেছে দীর্ঘ ৪৫ বছর। জীবনের এই দীর্ঘ পথ পেরিয়ে ৪৬ বছর বয়সে নিজের জন্মভূমি বাংলাদেশে ফিরেছেন সেলিনা গোমেজ। উদ্দেশ্য একটাই—খুঁজে পাওয়া জন্মদাতা মা-বাবা ও হারিয়ে যাওয়া পরিবারের সদস্যদের।
সেলিনার জন্ম কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায়। গত ২৮ অক্টোবর বাংলাদেশে আসার পর থেকে চকরিয়ার মালুমঘাট, খুটাখালীসহ আশপাশের বিভিন্ন এলাকায় ঘুরছেন তিনি। হাতে লিফলেট নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, জানাচ্ছেন নিজের জন্মপরিচয় ও পরিবারের সন্ধানে আসার গল্প।
সেলিনার পাসপোর্টের তথ্য অনুযায়ী, ১৯৮১ সালের ৭ জুলাই দেড় বছর বয়সে একটি ডাচ পরিবার তাকে দত্তক নিয়ে নেদারল্যান্ডসে নিয়ে যায়। পুরোনো নথিপত্র ঘেঁটে তিনি জানতে পেরেছেন, তার জন্মদাত্রী মায়ের নাম হেলেনা গোমেজ এবং বাবার নাম বেনেডি গোমেজ।
ইংরেজিতে কথা বলা সেলিনা জানান, নেদারল্যান্ডসে দত্তক পরিবারের স্নেহ-ভালোবাসায় বড় হলেও নিজের জন্মদাতা মা-বাবাকে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা কখনো হারাননি। তাদের চেহারা কিংবা শৈশবের কোনো স্মৃতি মনে না থাকলেও পরিবারের সঙ্গে পুনর্মিলনের আশা বুকে ধারণ করে আছেন তিনি।
সেলিনার ভাষ্য, জন্মের পর একজন নারী তাকে মালুমঘাট থেকে ঢাকায় নিয়ে গিয়েছিলেন। পরে সেখান থেকে একটি ডাচ পরিবার তাকে দত্তক নেয়। নিজের শেকড়ের সন্ধানে বাংলাদেশে ফিরে মা-বাবা ও স্বজনদের সঙ্গে দেখা করতে চান তিনি। নেদারল্যান্ডসে নিজেকে একাকী অনুভব করেন বলেও জানিয়েছেন সেলিনা।
পরিবারের সন্ধানে তার কাছে রয়েছে শৈশবের একটি ছবি এবং নেদারল্যান্ডসে যাওয়ার সময়কার পাসপোর্টের ফটোকপি। এসব পুরোনো নথিই এখন তার জন্মপরিচয় ও পরিবারের সন্ধানের প্রধান সূত্র।
সেলিনার ভ্রমণ সহকারী রাসেল আলম জানান, পরিবারের সন্ধানে এর আগেও কয়েকবার বাংলাদেশে এসেছেন তিনি। এবার আরও ১০ থেকে ১৫ দিন দেশে অবস্থান করার পরিকল্পনা রয়েছে। এই সময় চকরিয়াসহ বিভিন্ন এলাকায় খোঁজ চালানো হবে।
সেলিনার জন্মদাতা মা-বাবা, আত্মীয়স্বজন কিংবা পরিবারের বিষয়ে কারও কাছে নির্ভরযোগ্য তথ্য থাকলে সহযোগিতার আহ্বান জানিয়েছেন রাসেল আলম।
*কেউ তার পরিবারের সন্ধান পেলে অথবা পরিবারের কোনো সদস্যের কাছে সেলিনার ফিরে আসার খবর পৌঁছে দিতে চাইলে ০১৭১৮-৬০৪৩৪৭ নম্বরে ফোন অথবা findfamily1402@gmail.com ঠিকানায় ই-মেইল করার অনুরোধ জানানো হয়েছে।*
৪৫ বছর আগে যে মাটি ছেড়ে অজানার পথে পাড়ি জমিয়েছিলেন, সেই জন্মভূমিতেই এখন আপনজনদের খুঁজছেন সেলিনা। পুরোনো একটি ছবি, কয়েকটি নথি আর মা-বাবার নাম—এই সামান্য সূত্র নিয়েই তার দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটার আশায় দিন গুনছেন তিনি।
মতামত দিন