• ২০২৬ নভেম্বর ০৯, সোমবার, ১৪৩৩ কার্তিক ২৫
  • সর্বশেষ আপডেট : ১২:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ঋণ জালিয়াতিতে বিপর্যস্ত ৯ আর্থিক প্রতিষ্ঠান, আমানত ফেরাতে ২৭০৬ কোটি টাকা চায় বাংলাদেশ ব্যাংক ।

  • প্রকাশিত ১২:১১ অপরাহ্ন সোমবার, নভেম্বর ০৯, ২০২৬
ঋণ জালিয়াতিতে বিপর্যস্ত ৯ আর্থিক প্রতিষ্ঠান, আমানত ফেরাতে ২৭০৬ কোটি টাকা চায় বাংলাদেশ ব্যাংক ।
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*ঋণ জালিয়াতিতে বিপর্যস্ত ৯ আর্থিক প্রতিষ্ঠান, আমানত ফেরাতে ২৭০৬ কোটি টাকা চায় বাংলাদেশ ব্যাংক ।* 

অনিয়ম, ঋণ জালিয়াতি ও আর্থিক দুরবস্থায় বিপর্যস্ত নয়টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) আমানতকারীদের অর্থ ফেরত দিতে সরকারের কাছে ২ হাজার ৭০৬ কোটি ৬১ লাখ টাকা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে চারটি প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ পরিশোধে জরুরি ভিত্তিতে প্রায় ১ হাজার ৪৫০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। বাকি পাঁচ প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় অর্থ পরে চাওয়া হবে।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে পাঠানো চিঠিতে এ অর্থের প্রয়োজনীয়তা তুলে ধরেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে আমানতকারীদের সুরক্ষায় অনুমোদিত পরিশোধ কাঠামোর কথা উল্লেখ করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, ১০ লাখ টাকা পর্যন্ত আমানত সম্পূর্ণ ফেরত দেওয়া হবে। আমানতের পরিমাণ বাড়লে ধাপে ধাপে ফেরতের হার কমবে।

ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫-এর আওতায় গত ২৭ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ নয়টি আর্থিক প্রতিষ্ঠানকে সংকট মোকাবিলার বিশেষ প্রক্রিয়ায় আনার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে ইন্টারন্যাশনাল লিজিং, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স ও ফারইস্ট ফাইন্যান্সকে রেজল্যুশনের আওতায় এনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তবে অবসায়ন-সংক্রান্ত মামলা চলমান থাকায় পিপলস লিজিংকে আপাতত এ প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে।

অন্যদিকে প্রাইম ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) ও প্রিমিয়ার লিজিংকে পরিস্থিতি পুনরুদ্ধারে তিন মাস সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলোকে সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ এবং নিজেদের ব্যবসায়িক সক্ষমতা প্রমাণ করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, রেজল্যুশনের আওতায় থাকা চার প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ ফেরত দিতে প্রয়োজন ১ হাজার ৪৪৯ কোটি ৫৮ লাখ টাকা। এর মধ্যে ব্যক্তি আমানতকারীদের পাওনা ১ হাজার ১৬৬ কোটি ৮১ লাখ টাকা। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড ও কর্মচারী কল্যাণ তহবিলের জন্য ১৯০ কোটি ১৩ লাখ, ট্রাস্ট ফান্ডে ৪২ কোটি ৩৫ লাখ এবং সমবায় তহবিলে ৫০ কোটি ২৯ লাখ টাকা প্রয়োজন।

এই চার প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি অর্থ লাগবে আভিভা ফাইন্যান্সে। প্রতিষ্ঠানটির আমানত ফেরতে প্রয়োজন ৭৪৪ কোটি ৮১ লাখ টাকা। ইন্টারন্যাশনাল লিজিংয়ের জন্য ৫৫০ কোটি ৫৩ লাখ, এফএএস ফাইন্যান্সের জন্য ৮৪ কোটি ৯০ লাখ এবং ফারইস্ট ফাইন্যান্সের জন্য ৬৯ কোটি ৩৪ লাখ টাকা চাওয়া হয়েছে।

বাকি পাঁচ প্রতিষ্ঠানের আমানত ফেরতে প্রয়োজন হবে আরও প্রায় ১ হাজার ২৫৭ কোটি টাকা। এর মধ্যে পিপলস লিজিংয়ের আমানতকারীদের পাওনা ৭১১ কোটি ৮৮ লাখ টাকা। প্রতিষ্ঠানটির অবসায়ন-সংক্রান্ত মামলায় আদালতের অনুকূল সিদ্ধান্ত পাওয়ার পর অর্থ বরাদ্দের জন্য পৃথক প্রস্তাব পাঠানো হবে।

এ ছাড়া তিন মাস সময় পাওয়া অপর চার প্রতিষ্ঠানের আমানত পরিশোধে ভবিষ্যতে প্রয়োজন হতে পারে ৫৪৫ কোটি ১৫ লাখ টাকা। এর মধ্যে প্রাইম ফাইন্যান্সের জন্য ৩৭৬ কোটি ৭৪ লাখ, জিএসপি ফাইন্যান্সের জন্য ৫৮ কোটি ৮২ লাখ, প্রিমিয়ার লিজিংয়ের জন্য ৫৭ কোটি ৭২ লাখ এবং বিআইএফসির জন্য ৫১ কোটি ৮৭ লাখ টাকা প্রাক্কলন করা হয়েছে।

আপাতত চার প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ ফেরত দিতে বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন তহবিলে অর্থ বরাদ্দের অনুরোধ জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যাশা, সরকারি সহায়তা পাওয়া গেলে দীর্ঘদিন ধরে আটকে থাকা আমানতকারীদের অর্থ পরিশোধের পথ সহজ হবে। একই সঙ্গে আর্থিক খাতের ওপর সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার উদ্যোগও গতি পাবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন, এসব প্রতিষ্ঠানের অধিকাংশ ঋণই নামে-বেনামে বিতরণ করা হয়েছে। অনেক ঋণের বিপরীতে পর্যাপ্ত জামানত না থাকায় সম্পদ বিক্রি করে অর্থ উদ্ধারের সুযোগও সীমিত। তবে ঋণ আদায় ও সম্পদ উদ্ধারে আইনি কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি জানান, আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার বিষয়টি জরুরি হওয়ায় আপাতত সরকারের কাছে প্রয়োজনীয় অর্থ চাওয়া হয়েছে। পরবর্তী সময়ে ঋণ আদায় কিংবা সম্পদ বিক্রি করে অর্থ পাওয়া গেলে তা সরকারি সহায়তার সঙ্গে সমন্বয় করা হবে।

তথ্যসূত্র: সমকাল।

সর্বশেষ