• ২০২৬ নভেম্বর ১২, বৃহস্পতিবার, ১৪৩৩ কার্তিক ২৮
  • সর্বশেষ আপডেট : ০৭:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ভয় দেখিয়ে দমানো যাবে না, হামলাকারীদের মুখে চুনকালি’ নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলনে এমপি নুসরাত

  • প্রকাশিত ০৭:১১ অপরাহ্ন বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
ভয় দেখিয়ে দমানো যাবে না, হামলাকারীদের মুখে চুনকালি’ নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলনে এমপি নুসরাত
Time Bangla news
তিতাস আহম্মেদ, কুষ্টিয়া

ভয় দেখিয়ে দমানো যাবে না, হামলাকারীদের মুখে চুনকালি’ নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলনে এমপি নুসরাত

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার বাগোয়ান গ্রামে নিজ পোড়া বাড়ির সামনে এক সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুম বলেন, এ ধরনের হামলা চালিয়ে ভয় বা কষ্ট দিয়ে তাঁদের দমিয়ে রাখা যাবে না; বরং হামলাকারীদের মুখেই চুনকালি পড়বে।

​সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুম জানান, সিসিটিভির সময় অনুযায়ী বুধবার মধ্যরাতে (১২টা ১৫ মিনিটের দিকে বাড়িতে পরপর চারটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধরন দেখে এটি পেট্রলবোমা হামলা বলেই প্রতীয়মান হচ্ছে, তবে বিষয়টি তদন্তসাপেক্ষ। দৌলতপুর উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় দমকল বাহিনী পৌঁছাতে দেরি হয় এবং ততক্ষণে আগুনে বাড়ির বেশির ভাগ অংশ পুড়ে ছাই হয়ে যায়।

​হামলার প্রেক্ষাপট তুলে ধরে এনসিপির এই নেত্রী বলেন, গত ২৮ অক্টোবর রাত থেকে তিনি বিভিন্ন স্প্যাম নম্বর থেকে হুমকি পাচ্ছিলেন। এ বিষয়ে গত মঙ্গলবার তিনি ঢাকার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বুধবার রাতে বাড়িতে হামলার মাত্র তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত) পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে একটি হুমকিমূলক পোস্ট দেওয়া হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

​সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু গণমাধ্যমে বাড়িটিকে ‘পরিত্যক্ত’ বলে প্রচার করা হলেও তা সরাসরি নাকচ করে দেন নুসরাত তাবাসসুম। তিনি স্পষ্ট করেন, এটি তাঁর দাদার হাতে তৈরি পৈতৃক বসতবাড়ি। এই বাড়িতেই তিনি ও তাঁর ছোট ভাই বড় হয়েছেন এবং তাঁর বাবা-মা সংসার করেছেন। বর্তমানে দীর্ঘ পাঁচ-ছয় বছর ধরে একটি অসহায় পরিবার বাড়িটি দেখাশোনা করত। স্থানীয় কেউ এই ঘটনার সঙ্গে জড়িত নন দাবি করে তিনি বলেন, এটি নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও তাদের দোসরদের কাজ।

​দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থাকে ‘ঢিলা’ উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন এই সংসদ সদস্য। তিনি অভিযোগ করেন, ঘটনার প্রায় ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করতে পারেনি। এ ঘটনায় দৌলতপুর থানায় তিনি নিজে বাদী হয়ে মামলা করবেন বলে জানিয়েছেন।

​সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুমের পাশে তাঁর বাবা আব্দুল হালিম এবং এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত উপস্থিত ছিলেন।

সর্বশেষ