• ২০২৬ নভেম্বর ১৩, শুক্রবার, ১৪৩৩ কার্তিক ২৯
  • সর্বশেষ আপডেট : ০৩:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ফলন বেশি, দাম তলানিতে—পেঁয়াজ নিয়ে বিপাকে কৃষক।

  • প্রকাশিত ০৪:১১ অপরাহ্ন শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
ফলন বেশি, দাম তলানিতে—পেঁয়াজ নিয়ে বিপাকে কৃষক।
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*ফলন বেশি, দাম তলানিতে—পেঁয়াজ নিয়ে বিপাকে কৃষক।* 


 *উপশিরোনাম:* উৎপাদন খরচও উঠছে না, মজুত পেঁয়াজে ধরেছে পচন। 

পাবনার সাঁথিয়ায় এবার পেঁয়াজের বাম্পার ফলন হলেও ন্যায্যমূল্য পাচ্ছেন না কৃষক। বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় দরপতন ঘটেছে। উৎপাদন খরচের চেয়ে অনেক কম দামে বিক্রি করতে হচ্ছে পেঁয়াজ। অন্যদিকে ঘরে মজুত রাখা পেঁয়াজ পচে ও শুকিয়ে ওজন কমছে। নতুন মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসার আগে লোকসান এড়াতে কম দামেই ফসল বিক্রি করছেন অনেকে।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনুকূল আবহাওয়ায় এবার প্রতি বিঘায় দেশি পেঁয়াজের ফলন হয়েছে ৭০ থেকে ৮০ মণ। হাইব্রিড জাতের সুখ সাগর পেঁয়াজের ফলন ১০০ থেকে ১২০ মণ পর্যন্ত। তবে উৎপাদন বাড়লেও দাম না থাকায় লাভের বদলে লোকসানের মুখে পড়েছেন চাষিরা। হাইব্রিড পেঁয়াজ দ্রুত পচে যাওয়ায় ক্ষতির আশঙ্কাও বেশি।

উপজেলা কৃষি কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত মৌসুমে সাঁথিয়ায় ১৬ হাজার ৬৫০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৩৬ হাজার ৭৫৬ টন। উৎপাদন হয়েছে ২ লাখ ৬১ হাজার ৬৪৭ টন।

কৃষক ও কৃষি কর্মকর্তাদের হিসাবে, প্রতি মণ পেঁয়াজ উৎপাদনে খরচ হয়েছে প্রায় দেড় হাজার টাকা। কোনো কোনো কৃষকের হিসাবে তা দুই হাজার টাকা। অথচ বর্তমানে প্রতি মণ বিক্রি হচ্ছে এক হাজার থেকে এক হাজার ১০০ টাকায়। ভরা মৌসুমেও দাম ছিল মাত্র এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ টাকা। এর ওপর সংরক্ষণে প্রতি মণে প্রায় ১৫ কেজি পর্যন্ত ওজন কমছে।

গত এক সপ্তাহে বোয়াইলমারী, বনগ্রাম, কাশিনাথপুর, ধুলাউড়ি ও করমজা হাট ঘুরে দেখা গেছে, পেঁয়াজের বস্তা নিয়ে কৃষক এলেও প্রত্যাশিত দাম না পেয়ে অনেকে বিক্রি না করেই ফিরে যাচ্ছেন। স্থানীয়দের মতে, অন্যান্য বছর এ সময়ে প্রতি মণ পেঁয়াজ তিন থেকে চার হাজার টাকায় বিক্রি হলেও এবার দাম নেমেছে এক হাজার থেকে এক হাজার ১০০ টাকায়।

বৃহস্পতিবার বোয়াইলমারী হাটে গৌরীগ্রামের কৃষক আলমগীর হোসেন বলেন, এবার প্রায় ৩০০ মণ পেঁয়াজ উৎপাদন করেছেন। দাম বাড়ার আশায় মজুত করলেও এখন প্রতি মণ এক হাজার থেকে এক হাজার ১০০ টাকার বেশি পাওয়া যাচ্ছে না। এ দামে উৎপাদন খরচই উঠছে না, ঋণ পরিশোধ করবেন কীভাবে?

একই হাটের কৃষক শাহিন আলমের ঘরে এখনো প্রায় ৩০০ মণ পেঁয়াজ মজুত রয়েছে। তিনি বলেন, বিক্রি করলে লোকসান, আর রেখে দিলেও পচে ও শুকিয়ে ওজন কমছে। সামনে নতুন মুড়িকাটা পেঁয়াজ উঠলে দাম আরও কমার আশঙ্কা রয়েছে।

বালিয়াকান্দী গ্রামের কৃষক আব্দুল বারেক জানান, চার বিঘা জমিতে ২৫০ মণের বেশি পেঁয়াজ উৎপাদন করেছেন। এখনো ঘরে রয়েছে প্রায় ২০০ মণ। প্রতি মণে উৎপাদন খরচ প্রায় দুই হাজার টাকা হলেও বিক্রি করতে হচ্ছে এক হাজার থেকে এক হাজার ১০০ টাকায়। এ অবস্থায় পেঁয়াজ চাষ ছেড়ে অন্য পেশায় যাওয়ার কথা ভাবছেন তিনি। চকপাট্টা গ্রামের কৃষক আফতাব আলী মণ্ডলও জানান, ধারদেনা করে আবাদ করলেও পেঁয়াজ বিক্রি করে উৎপাদন খরচ তোলা কঠিন হয়ে পড়েছে।

বোয়াইলমারী হাটের কালু এন্টারপ্রাইজের আড়তদার সাদ্দাক হোসেন বলেন, এবার ফলন বেশি হওয়ায় কৃষকের ঘরে প্রচুর পেঁয়াজ মজুত রয়েছে। আগে তাহেরপুরী জাতের পেঁয়াজের ফলন বিঘাপ্রতি ৫০ থেকে ৫৫ মণ হলেও বর্তমানে হাইব্রিড সুখ সাগর জাতের ফলন ১০০ থেকে ১২০ মণ। এতে বাজারে সরবরাহ বেড়ে দাম কমেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সজীব আল মারুফ বলেন, পেঁয়াজের চাহিদা বিবেচনায় উৎপাদন পরিকল্পনা করতে হবে। অতিরিক্ত উৎপাদিত পেঁয়াজ রপ্তানির উদ্যোগ এবং সংরক্ষণব্যবস্থার উন্নয়ন করা জরুরি।

সর্বশেষ