• ২০২৬ নভেম্বর ১৩, শুক্রবার, ১৪৩৩ কার্তিক ২৯
  • সর্বশেষ আপডেট : ০৪:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সাংবাদিকদের নিবন্ধনের আওতায় আনতে চায় সরকার, আসছে ডেটাবেজ।

  • প্রকাশিত ০৪:১১ অপরাহ্ন শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
সাংবাদিকদের নিবন্ধনের আওতায় আনতে চায় সরকার, আসছে ডেটাবেজ।
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*সাংবাদিকদের নিবন্ধনের আওতায় আনতে চায় সরকার, আসছে ডেটাবেজ।* 


 *উপশিরোনাম:* নিবন্ধন ও অনলাইন ডেটাবেজের আওতায় আসছেন সাংবাদিকরা, পেশাগত যোগ্যতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রেস কাউন্সিল আইনে সংশোধনের উদ্যোগ।

সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন ও প্রকৃত সাংবাদিকদের পরিচিতি নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে সাংবাদিকদের নিবন্ধন, অনলাইন ডেটাবেজ তৈরি এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করা হচ্ছে। এসব বিধান যুক্ত করে ‘দ্য প্রেস কাউন্সিল (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া প্রস্তুত করা হয়েছে।

সংসদে সংরক্ষিত নারী আসনের স্বতন্ত্র সদস্য সুলতানা জেসমিনের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রস্তাবিত আইনে বার কাউন্সিলের আদলে সাংবাদিকদের নিবন্ধন এবং প্রকৃত সাংবাদিকদের অনলাইন ডেটাবেজ তৈরির ক্ষমতা প্রেস কাউন্সিলকে দেওয়ার প্রস্তাব রয়েছে। এর মাধ্যমে সাংবাদিকদের পেশাগত পরিচিতি ও মানোন্নয়ন নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।

সংশোধনী খসড়ায় সাংবাদিকতা সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনিয়মের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার প্রস্তাবও রাখা হয়েছে। মিথ্যা ও হয়রানিমূলক সংবাদ প্রকাশ, সাংবাদিকতার নীতিমালা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আর্থিক জরিমানাসহ শাস্তির বিধান অন্তর্ভুক্ত করা হচ্ছে।

পাশাপাশি গুজব, ভুয়া খবর, ঘৃণামূলক বক্তব্য এবং জনস্বার্থবিরোধী সংবাদ প্রকাশের অভিযোগে প্রেস কাউন্সিলকে স্বতঃপ্রণোদিত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়ার প্রস্তাব রয়েছে।

গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও সংশোধনীতে গুরুত্ব পেয়েছে। জামায়াতের সংসদ সদস্য আবদুস সাত্তারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সাংবাদিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে সুনির্দিষ্ট বিধান যুক্ত করে আইনের খসড়া তৈরি করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম চলমান।

 *৩৯ বেসরকারি টিভি চ্যানেলে সম্প্রচার* 

সংসদে আরেক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, দেশে বর্তমানে সরকারি মালিকানায় চারটি টেলিভিশন চ্যানেল রয়েছে। বেসরকারি ৫৬টি চ্যানেলকে অনাপত্তি দেওয়া হলেও বর্তমানে সম্প্রচারে রয়েছে ৩৯টি। এ ছাড়া ১৬টি আইপি টিভিকে অনাপত্তি দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, নতুন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের অনুমোদন একটি চলমান প্রক্রিয়া। আবেদন পাওয়ার পর যাচাই-বাছাই এবং সরকারের নীতিগত সিদ্ধান্তের ভিত্তিতে অনুমতি দেওয়া হয়।

এদিকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) দর্শকপ্রিয়তা ও আয় বাড়াতে জনপ্রিয় শিল্পীদের নাটক, ধারাবাহিক, দেশীয় ও ডাবিং করা কার্টুন এবং তুর্কি-ইরানি সিরিয়াল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। পেশাদার নির্মাতা ও সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে এসব অনুষ্ঠান কিনে প্রচারের পরিকল্পনা রয়েছে।

তথ্যমন্ত্রী আরও জানান, জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে তথ্য কমিশন গঠন করা হয়েছে। গত ১৮ অক্টোবর প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনাররা দায়িত্ব গ্রহণ করেছেন।

সর্বশেষ