• ২০২৬ নভেম্বর ১৬, সোমবার, ১৪৩৩ অগ্রহায়ণ ১
  • সর্বশেষ আপডেট : ১২:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

হাসিনার প্রত্যাবর্তন প্রশ্নে সরকারের অবস্থান কী, সংসদে জানতে চাইলেন রুমিন।

  • প্রকাশিত ১২:১১ পূর্বাহ্ন সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
হাসিনার প্রত্যাবর্তন প্রশ্নে সরকারের অবস্থান কী, সংসদে জানতে চাইলেন রুমিন।
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*হাসিনার প্রত্যাবর্তন প্রশ্নে সরকারের অবস্থান কী, সংসদে জানতে চাইলেন রুমিন।* 


 *উপশিরোনাম:* হাসিনাকে ফেরানো ও পাসপোর্ট ইস্যুতে মন্ত্রী-উপদেষ্টাদের পরস্পরবিরোধী বক্তব্যে সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন; সংসদে রুমিনের সমালোচনা।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন নিয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্যে স্পষ্ট সমন্বয়হীনতা রয়েছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। তাঁর মতে, সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের পরস্পরবিরোধী বক্তব্য জনমনে বিভ্রান্তি তৈরি করছে।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় দেশে অনুপস্থিত থেকেও শেখ হাসিনা বিভিন্ন মাধ্যমে নিজের সরব উপস্থিতি জানান দিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

নিজের বক্তব্যে বাংলা সাহিত্যের বিখ্যাত উক্তি—‘কাদম্বরী মরিয়া প্রমাণ করিয়াছিলেন যে তিনি মরেন নাই’—উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনা দেশে না থেকেও বিভিন্ন মাধ্যমে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন। গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাকে এর সর্বশেষ উদাহরণ হিসেবে তুলে ধরেন তিনি।

শেখ হাসিনার প্রত্যাবর্তন ও পাসপোর্ট-এনআইডি নবায়নের আবেদন নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ের বক্তব্যের পার্থক্যও সংসদে তুলে ধরেন এই সংসদ সদস্য।

তিনি জানান, গত ৩ নভেম্বর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান বলেছিলেন, শেখ হাসিনা নিজে দেশে ফিরুন কিংবা তাঁকে ফিরিয়ে আনা হোক, সরকার তা ঠেকাতে চায় না। মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেও তিনি বাংলাদেশের নাগরিক।

অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ পাসপোর্ট দেবে না। শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট বা এনআইডি দেওয়ার পরিকল্পনাও সরকারের নেই। বন্দি বিনিময় চুক্তির আওতায় তাঁকে ফিরিয়ে আনার কথা উল্লেখ করে পাসপোর্ট বা ট্রাভেল পাসের আবেদনকে হাস্যকর বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেও ভিন্ন অবস্থান উঠে এসেছে বলে জানান রুমিন। গত ৯ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, শেখ হাসিনার আবেদনের সত্যতা এখনো যাচাই করা হয়নি। আইনগত ভিত্তি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতের কাছে চিঠি পাঠানোর বিষয়টিও জানান তিনি।

এ ছাড়া আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান গত ৮ ও ১৪ নভেম্বর বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার। এখন সিদ্ধান্ত ভারতের হাতে। পাশাপাশি মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিলের সুযোগ নেই বলেও জানান তিনি।

সরকারের এসব বক্তব্যের মধ্যে সামঞ্জস্য না থাকার বিষয়টি তুলে ধরে রুমিন ফারহানা বলেন, একদিকে উপদেষ্টা শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে সরকারের আপত্তি নেই বলে জানাচ্ছেন, অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাসপোর্ট দেওয়ার বিষয়টি সরাসরি নাকচ করছেন। আবার স্বরাষ্ট্রমন্ত্রী যখন আবেদনের সত্যতা যাচাইয়ের কথা বলছেন, তখন পররাষ্ট্র প্রতিমন্ত্রী একই আবেদনকে হাস্যকর বলে উড়িয়ে দিচ্ছেন।

সরকারের নীতিনির্ধারকদের এমন ভিন্নমুখী বক্তব্যে গুরুত্বপূর্ণ একটি জাতীয় ইস্যুতে স্পষ্ট অবস্থান পাওয়া যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ