• ২০২৬ নভেম্বর ১৪, শনিবার, ১৪৩৩ কার্তিক ৩০
  • সর্বশেষ আপডেট : ১১:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ঢাকার পরিচ্ছন্নতায় যুক্ত হচ্ছেন ৩৯ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী

  • প্রকাশিত ১১:১১ অপরাহ্ন শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
ঢাকার পরিচ্ছন্নতায় যুক্ত হচ্ছেন ৩৯ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী
Time Bangla news
মোঃ মিজানুর রহমান | কুমিল্লা ব্যুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ


ঢাকার পরিচ্ছন্নতায় যুক্ত হচ্ছেন ৩৯ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী

 প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬ ২১:০৫

রাজধানীকে পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কর্মসূচির আওতায় ৩৯ হাজার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীকে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে রাজধানীর পাড়া-মহল্লায় কমিটি গঠন করা হবে।

এসব কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পাশাপাশি তরুণ ও স্বেচ্ছাসেবকদেরও যুক্ত করা হবে।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ঢাকা শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনায় গঠিত কমিটির অগ্রগতি, বাস্তবায়িত উদ্যোগ এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

সভা শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, পাড়া-মহল্লায় বিভিন্ন কমিটি গঠন করা হবে। এসব কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা উপদেষ্টা বা দায়িত্বশীল পদে থাকবেন।

তাদের পাশাপাশি তরুণ ও স্বেচ্ছাসেবকদেরও সম্পৃক্ত করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রত্যেক মহল্লা ও ওয়ার্ডে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। ডেঙ্গু প্রতিরোধ, ময়লা-আবর্জনা পরিষ্কার, ফুটপাত দখলমুক্ত রাখা এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে এসব কমিটি কাজ করবে।

তিনি আরও বলেন, বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে কীভাবে তা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) পর্যন্ত পৌঁছে দেওয়া হবে, সে বিষয়েও নগরবাসীর মধ্যে সচেতনতা তৈরি করা হবে।

মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী বারবার একটি কথা বলছেন, আমিও আপনাদের সামনে সেটি তুলে ধরেছি। অন্য কোনো সরকারের মতো আমরা একবারও বলতে চাই না যে, ঢাকাকে কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা কিংবা সিঙ্গাপুরের মতো করব। আমরা বলছি, আমাদের যা আছে, সেটার মধ্যেই একটি বাসযোগ্য, পরিবেশসম্মত ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে চাই।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) আব্দুল ওয়াদুদ চৌধুরী, উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনিসহ প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ