*প্লাস্টিক দিলেই মিলছে চাল-ডাল-তেল, মিরপুরে ব্যতিক্রমী বাজার।*
*উপশিরোনাম:* এক কেজি প্লাস্টিকে মিলছে চাল কিংবা ছয়টি ডিম; বিদ্যানন্দ ও স্ট্যান্ডার্ড চার্টার্ডের উদ্যোগে পরিবেশ রক্ষার পাশাপাশি উপকৃত নিম্ন আয়ের মানুষ।
নিত্যপণ্যের বাড়তি দামে যখন সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ, তখন রাজধানীর মিরপুরে বসেছে ব্যতিক্রমী এক বাজার। এখানে কেনাকাটায় প্রয়োজন হচ্ছে না নগদ টাকা। ঘরে জমিয়ে রাখা কিংবা রাস্তা থেকে কুড়িয়ে আনা প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেটসহ বিভিন্ন বর্জ্য জমা দিয়েই পাওয়া যাচ্ছে চাল, ডাল, তেল, ডিম ও লবণের মতো প্রয়োজনীয় পণ্য।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর পল্লবী ডিগ্রি কলেজ মাঠে দিনব্যাপী চলে এই আয়োজন। বিদ্যানন্দ ফাউন্ডেশন ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের যৌথ উদ্যোগে পরিচালিত ‘প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর’ নামের এই বাজারে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেনাবেচা হয়।
এখানে প্লাস্টিকের ওজন অনুযায়ী দেওয়া হয় সমমূল্যের ডেমো টাকা। সেই টাকা দিয়ে পছন্দের পণ্য কিনতে পারেন অংশগ্রহণকারীরা। আয়োজকদের তালিকা অনুযায়ী, এক কেজি প্লাস্টিকের বিনিময়ে পাওয়া যাচ্ছে এক কেজি চাল, এক কেজি লবণ কিংবা ছয়টি ডিম। এক কেজি মসুর ডালের জন্য তিন কেজি, এক লিটার সয়াবিন তেলের জন্য পাঁচ কেজি এবং দুই কেজি আটার জন্য চার কেজি প্লাস্টিক দিতে হচ্ছে। এ ছাড়া সাবান, বিস্কুট, নুডলস, পোশাক ও স্কুলব্যাগসহ বিভিন্ন পণ্যও রয়েছে।
*প্লাস্টিক জমিয়ে সংসারের বাজার*
৪ কেজি ২০০ গ্রাম প্লাস্টিক জমা দিয়ে এক কেজি ডাল ও ডিম নিয়েছেন নূরী বেগম। রাস্তা থেকে প্লাস্টিক কুড়িয়ে আনার পাশাপাশি বাসায় ব্যবহৃত তেলের বোতল ও চিপসের প্যাকেট জমিয়ে রাখেন তিনি।
সাত সদস্যের সংসারে নূরী বেগম নিজে গৃহকর্মীর কাজ করেন। ছেলে অটোরিকশা চালালেও প্রতিদিন আয় হয় না। পরিবারের দুই বাসার ভাড়া বাবদ মাসে নয় হাজার টাকা দিতে হয়। সঙ্গে রয়েছে বিদ্যুৎ বিলসহ অন্যান্য খরচ।
নূরী বেগম বলেন, ‘গরিব মানুষ আমরা, যে পরিস্থিতি দাঁড়িয়েছে, ঘরভাড়া জোগাড় করাটাই কঠিন। প্লাস্টিকের বিনিময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়ার এই উদ্যোগ আমাদের কাজে আসে।’
একইভাবে প্লাস্টিক জমা দিয়ে ডিম ও লবণ নিয়েছেন জোহেরা বেগম। তিনি পিঠার দোকান পরিচালনা করেন। দোকান ও বাসায় ব্যবহৃত প্লাস্টিক জমিয়ে এই বাজারে নিয়ে আসেন। তাঁর মতে, এতে প্লাস্টিক যত্রতত্র পড়ে থাকে না, পরিবেশও পরিষ্কার থাকে।
অন্যদিকে ১৪ কেজি ৫০০ গ্রাম প্লাস্টিক জমা দিয়ে দুই লিটার সয়াবিন তেল, এক কেজি ডাল ও দুই কেজি লবণ নিয়েছেন সোহাগ মোল্লা। আত্মীয়ের পুরোনো রাউটার ও বিভিন্ন যন্ত্রাংশ খোলার পর জমা হওয়া প্লাস্টিক সংগ্রহ করেছিলেন তিনি।
*পরিবেশ রক্ষাই মূল লক্ষ্য*
বিদ্যানন্দ ফাউন্ডেশনের কর্মকর্তা তাহমিনা অনু বলেন, প্লাস্টিক দূষণ রোধ ও পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করাই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে যৌথভাবে প্রায় পাঁচ বছর ধরে দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রমটি পরিচালিত হচ্ছে।
তিনি জানান, প্লাস্টিক জমে নালা-নর্দমার পানি চলাচল বাধাগ্রস্ত হয়। এতে জলাবদ্ধতা তৈরি হয় এবং জমে থাকা পানিতে মশার প্রজননসহ স্বাস্থ্যঝুঁকি বাড়ে। তাই বিশেষ করে বস্তি ও নিম্ন আয়ের মানুষের বসবাস বেশি—এমন এলাকাগুলোতে এ আয়োজন করা হয়।
তাহমিনা অনু বলেন, প্রতি কেজি প্লাস্টিকের বিপরীতে এক টাকা সমমূল্যের ডেমো টাকা দেওয়া হয়। তবে সেই টাকায় পাওয়া পণ্যের বাজারমূল্য তুলনামূলক বেশি। যেমন, এক কেজি প্লাস্টিকের বিনিময়ে ছয়টি ডিম দেওয়া হচ্ছে। ফলে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষার পাশাপাশি আর্থিকভাবেও উপকৃত হচ্ছেন।
তাঁর তথ্যমতে, ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও কুড়িগ্রামে এ কার্যক্রম চলছে। ঢাকার বিভিন্ন স্কুলের মাঠ ও সুবিধাবঞ্চিত এলাকায় মাসে একবার এমন আয়োজন করা হয়।
*পুনর্ব্যবহারে যাচ্ছে সংগৃহীত প্লাস্টিক*
আয়োজকদের তথ্যমতে, বিভিন্ন এলাকায় একেকটি আয়োজন থেকে কয়েক শ কেজি থেকে কয়েক টন পর্যন্ত প্লাস্টিক সংগ্রহ হয়েছে। গত কয়েক বছরে সংগৃহীত প্লাস্টিক পুনর্ব্যবহারের মাধ্যমে প্রায় এক কোটি টাকা আয় হয়েছে। পাশাপাশি প্রায় সাড়ে চার হাজার মানুষের হাতে পৌঁছে দেওয়া হয়েছে প্রয়োজনীয় পণ্য।
পল্লবী ডিগ্রি কলেজ মাঠে প্লাস্টিক সংগ্রহ করতে আসা সাইমন হাসান জানান, শনিবার দুপুর পর্যন্ত সেখানে প্রায় ৫০০ থেকে ৭০০ কেজি প্লাস্টিক জমা হয়েছিল। তাঁরা প্রায় দুই বছর ধরে এ আয়োজন থেকে প্লাস্টিক সংগ্রহ করছেন।
তিনি বলেন, প্লাস্টিকের ধরন অনুযায়ী দাম আলাদা। বোতল, কালো প্লাস্টিক ও অন্যান্য সামগ্রী আলাদাভাবে বাছাই করে ভাঙারির দোকানের মাধ্যমে পুনর্ব্যবহারের জন্য পাঠানো হয়।
ফেলে দেওয়া প্লাস্টিককে সম্পদে রূপান্তরের পাশাপাশি নিম্ন আয়ের মানুষের নিত্যপণ্যের চাহিদা পূরণে এমন উদ্যোগ পরিবেশ সুরক্ষা ও সামাজিক সহায়তার একটি কার্যকর দৃষ্টান্ত হয়ে উঠছে।
মতামত দিন