*আন্তর্জাতিক চুক্তি নিয়ে লুকোচুরি বা গোপনীয়তা নয়,সংসদে জবাবদিহিতা বা স্পষ্ট ব্যাখ্যা চান জামায়াত আমির শফিকুর রহমানের।*
*উপশিরোনাম:* মাতারবাড়ী বন্দর ও জাপান সফরের চুক্তির বিস্তারিত প্রকাশের দাবি; বিদেশি সমঝোতায় স্বচ্ছতা, সংসদে জবাবদিহি ও সিন্ডিকেটমুক্ত অর্থনীতি চান তিনি।
বিদেশের সঙ্গে সম্পাদিত সব দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক চুক্তির বিস্তারিত জাতীয় সংসদে উপস্থাপনের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্প এবং প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফরে কোনো চুক্তি বা সমঝোতা হয়ে থাকলে সেসব বিষয়ে সংসদকে অবহিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে ৫৮ বিধিতে সাধারণ আলোচনার নোটিশের ওপর বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সংবিধানের ১৪৫(ক) অনুচ্ছেদ অনুযায়ী বিদেশের সঙ্গে সম্পাদিত চুক্তিগুলো জাতীয় সংসদে উপস্থাপন করা প্রয়োজন। অতীতে বিভিন্ন আন্তর্জাতিক চুক্তির বিষয়ে জনগণকে অন্ধকারে রাখা হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, বর্তমান নির্বাচিত সংসদে এ ধরনের গোপনীয়তার সুযোগ থাকা উচিত নয়।
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পের গুরুত্ব তুলে ধরে জামায়াত আমির বলেন, এ প্রকল্পের সঙ্গে দেশের অর্থনৈতিক সক্ষমতা ও আঞ্চলিক নিরাপত্তার বিষয় জড়িত। তাই এ নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা এবং প্রকৃত অবস্থা জাতির সামনে তুলে ধরা জরুরি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানান বিরোধীদলীয় নেতা। তাঁর অভিযোগ, বিগত সরকারের পলাতক ফ্যাসিবাদী শক্তির সহযোগীরা দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য থাকলেও সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও অগ্রগতির চিত্র আরও স্পষ্ট হওয়া প্রয়োজন।
সংসদের রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, চৌদ্দশ শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে বর্তমান সংসদের যে দায়িত্ব তৈরি হয়েছে, তা যথাযথভাবে পালন করতে হবে। গুম ও খুনের শিকার ব্যক্তিদের পরিবারের দীর্ঘ অপেক্ষার প্রসঙ্গ টেনে তিনি বিএনপি দলীয় সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার স্বামী ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীর নিখোঁজ থাকার বিষয়টিও উল্লেখ করেন।
তিনি বলেন, এখনো অসংখ্য পরিবার জানে না তাদের স্বজনেরা বেঁচে আছেন, নাকি মারা গেছেন। গুমের শিকার ব্যক্তিদের বিষয়ে রাষ্ট্রীয়ভাবে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
অর্থনীতি ও বাজার পরিস্থিতি নিয়ে বক্তব্যে জামায়াত আমির বলেন, আমদানি, অভ্যন্তরীণ সরবরাহ ও রপ্তানি খাতে এখনো সিন্ডিকেটের প্রভাব রয়েছে। এর ফলে একদিকে উৎপাদকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে বাড়তি দামের চাপে পড়ছেন সাধারণ ভোক্তারা।
দেশের প্রধান রপ্তানি খাতও অভ্যন্তরীণ ও আঞ্চলিক ষড়যন্ত্রের কারণে ঝুঁকির মুখে পড়ছে বলে মন্তব্য করেন তিনি। অর্থনীতিতে স্বাভাবিক প্রতিযোগিতা নিশ্চিত করতে সব ধরনের সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানান বিরোধীদলীয় নেতা।
মতামত দিন