• ২০২৬ Jun ২০, শনিবার, ১৪৩৩ আষাঢ় ৫
  • সর্বশেষ আপডেট : ১০:০৬ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্তদের জন্য আসছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি

  • প্রকাশিত ১২:০৬ পূর্বাহ্ন শনিবার, Jun ২০, ২০২৬
দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্তদের জন্য আসছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি
নাহিদ
সিলেট অফিস :

দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর সামাজিক সুরক্ষা জোরদার করতে সরকার চালু করতে যাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি। মূল্যস্ফীতি ও অর্থনৈতিক চাপে বিপর্যস্ত সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই কার্ডের মাধ্যমে নির্বাচিত পরিবারগুলোকে সরাসরি নগদ অর্থ সহায়তা দেওয়া হবে। বিশেষভাবে সহায়তার অর্থ পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে, যা নারীর ক্ষমতায়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বিদ্যমান অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির তুলনায় ফ্যামিলি কার্ডের আওতায় সহায়তার পরিমাণ তুলনামূলক বেশি হবে। একটি কেন্দ্রীয় ডেটাবেস তৈরির মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে উপকারভোগীদের তথ্য সংরক্ষণ করা হবে। এতে সহায়তা বিতরণে অনিয়ম ও মধ্যস্থতা কমবে বলে আশা করা হচ্ছে।

প্রাথমিকভাবে দেশের কয়েকটি নির্দিষ্ট এলাকায় পাইলট প্রকল্প হিসেবে কার্যক্রম শুরু হবে। পরে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে উপকারভোগীদের তালিকা চূড়ান্ত করে সারা দেশে কর্মসূচি সম্প্রসারণ করা হবে।

আবেদন প্রক্রিয়া এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। তবে প্রাথমিকভাবে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্ট সাইজের ছবি এবং একটি সচল মোবাইল নম্বর প্রস্তুত রাখতে বলা হয়েছে। পাইলট প্রকল্প শেষে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা কাউন্সিলর কার্যালয় থেকে আবেদন ফর্ম সংগ্রহ করা যাবে। পাশাপাশি অনলাইন পোর্টাল চালুর প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

প্রতি পরিবারে একটি করে কার্ড ইস্যু করা হবে। এই কার্ডের মাধ্যমে মাসিক নগদ সহায়তা বা নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে বলে জানা গেছে। সংশ্লিষ্টদের আশা, নতুন এই উদ্যোগ দেশের অসচ্ছল পরিবারগুলোর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ