• ২০২৬ Jul ২৭, সোমবার, ১৪৩৩ শ্রাবণ ১২
  • সর্বশেষ আপডেট : ০৩:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফ

  • প্রকাশিত ০৩:০৭ অপরাহ্ন সোমবার, Jul ২৭, ২০২৬
আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফ
File
স্টাফ রিপোর্টার আব্দুর রহিম

আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফ


বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি খলনায়ক ও জনপ্রিয় অভিনেতা আহমেদ শরীফ আজীবন সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন। বাংলা চলচ্চিত্রে দীর্ঘ কয়েক দশকের অসামান্য অবদান এবং অসংখ্য স্মরণীয় চরিত্রে অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করবে নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল।

আগামী ২ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ঐতিহ্যবাহী জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত উৎসবের সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

প্রিয়জন ফিল্মস ও লেমন স্টুডিওর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে সার্বিক সহযোগিতা করছে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন (এবিপিএ)। উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র—এই তিন বিভাগে নির্বাচিত বাংলা চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রদর্শনী চলবে ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত। এরপর ২ আগস্ট অনুষ্ঠিত হবে সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠান।

ফেস্টিভ্যালের আহ্বায়ক অলিভ আহমেদ বলেন, “আমরা আমেরিকায় বাংলা চলচ্চিত্রের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই। বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত করার মাধ্যমে বিশ্বব্যাপী বাংলা ভাষা ও সংস্কৃতির প্রসারে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য। পাশাপাশি চলচ্চিত্রের নির্মাতা ও কলাকুশলীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করাও আমাদের অন্যতম উদ্দেশ্য।”

ফেস্টিভ্যালের সদস্য সচিব লিটু আনাম জানান, আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন উৎসবের সঙ্গে সম্পৃক্ত রয়েছে এবং ভবিষ্যতে সম্ভাবনাময় নির্মাতাদের চলচ্চিত্রে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। উৎসবের ফেস্টিভ্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন নির্মাতা পিকলু চৌধুরী এবং প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে রয়েছেন তানভীর সানি।

উৎসবে ২০২৩ থেকে ২০২৫ সালের বাংলা চলচ্চিত্রের ওপর ভিত্তি করে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা গায়ক, সেরা গায়িকাসহ বিভিন্ন শাখার শিল্পী ও কলাকুশলীদের মোট ২০টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে।

সমাপনী অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা-অভিনেত্রী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং চলচ্চিত্রপ্রেমীদের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের পর্দা নামবে।

সর্বশেষ