তালতলীতে গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও বাইসাইকেল বিতরণ
বরগুনার তালতলী উপজেলায় গ্রাম পুলিশদের কর্মদক্ষতা ও দায়িত্ব পালনে গতি আনতে ৭টি ইউনিয়নের ৬৯ জন গ্রাম পুলিশের মাঝে সরকারি উদ্যোগে পোশাক ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশদের হাতে পোশাক ও বাইসাইকেল তুলে দেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি), স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ অন্যান্য অংশীজন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “গ্রাম পুলিশদের হাতে বাইসাইকেল তুলে দেওয়ার ফলে তাদের টহল কার্যক্রম ও দাপ্তরিক দায়িত্ব পালনে আরও গতিশীলতা আসবে। এতে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।”
তিনি গ্রাম পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে গ্রাম পুলিশ সদস্যরা এ উদ্যোগের জন্য জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিজেদের দায়িত্ব আরও নিষ্ঠার সঙ্গে পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
মতামত দিন